ব্রাজিলকে বিশ্বকাপে ফেভারিট হিসেবে দেখছে না ক্যাসেমিরো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:১২ পিএম
টানা ২৪ বছর ধরে ছুঁয়ে দেখা হয়নি সোনালী ট্রফিটি। আসন্ন বিশ্বকাপের মঞ্চে নামার আগে ফেভারিট তালিকায়ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং ইংল্যান্ডের পেছনে রয়েছে ব্রাজিল।
দলের এমন সমীকরণের মাঝে ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ক্যাসেমিরো স্বীকার করে নিলেন তারা বিশ্বকাপে ফেবারিট নয়। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার (২ জুন) যুক্তরাষ্ট্রে পা রাখলেন ব্রাজিলের খেলোয়াড়রা।
নিজেদের কিছুটা পিছিয়ে রাখলেও একে ইতিবাচক হিসেবেই দেখছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। তিনি বলেন, হয়তো এবার আমরা এক ধাপ পিছিয়ে আছি, তবে আমরা বেশ সতর্ক ও প্রস্তুত আছি। আমরা সেখানে ভালো ফর্মে যেতে চাই এবং একটি দারুণ বিশ্বকাপ কাটাতে চাই।
বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের অভ্যন্তরীণ নানা পটপরিবর্তনকে উল্লেখ করেন এই অভিজ্ঞ খেলোয়াড়। গত বছর সিবিএফ-এর নতুন সভাপতি নির্বাচন এবং ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে ক্যাসেমিরো বলেন, কোচ বদল, সভাপতি পরিবর্তন এবং প্রচুর অস্থিরতার কারণে এটি আমাদের জন্য বেশ কঠিন হয়ে পরেছে।
তিনি আরও বলেন, আমরা এই কোচের অধীনে মাত্র এক বছর ধরে কাজ করছি, তার ফুটবলে চমৎকার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু বাস্তবতার নিরিখে আমরা একসঙ্গে মাঠের অনুশীলনে মাত্র ৪০ দিন কাজ করার সুযোগ পেয়েছি। আমি মনে করি, আমরা টুর্নামেন্টে শক্তিশালী দল হিসেবেই মাঠে নামবো। আমাদের দলে মানসম্পন্ন, অভিজ্ঞ এবং প্রাণশক্তিতে ভরপুর তরুণ খেলোয়াড় রয়েছে।
আগামী ১১ জুন পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যেখানে আগামী ১৩ জুন নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে 'গ্রুপ সি'-তে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।
/এএ