×
Logo

খেলাধুলা

শক্তিশালী ঘরোয়া লিগ, তবুও বিশ্বমঞ্চে ‘আন্ডার-অ্যাচিভার’ স্পেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম

শক্তিশালী ঘরোয়া লিগ, তবুও বিশ্বমঞ্চে ‘আন্ডার-অ্যাচিভার’ স্পেন

ঘরোয়া ফুটবলের সবচেয়ে জনপ্রিয় লিগের নাম 'স্প্যানিশ লা-লিগা'। বিশ্বের সকল ফুটবল প্রেমিদের আলাদা নজর থাকে এই লিগে। লা লিগায় খেলেছেন ইয়োহান ক্রুইফ, রোনালদো নাজারিও, জিনেদিন জিদান, রোনালদিনহো থেকে শুরু করে হালের সেরা তারকা মেসি, সিআর-৭, নেইমার, এমবাপ্পের মতো তারকারা। এত তারকায় ভরা লিগ আয়োজন করলেও বিশ্বকাপের মঞ্চে সাফল্যের দিকে স্পেনের অবস্থান নিচের দিকেই। 

বিশ্বফুটবলের অন্যতম পরাশক্তি হওয়া সত্ত্বেও স্পেনের বিশ্বকাপ ইতিহাসটা বেশ নাটকীয়। এক যুগান্তকারী সোনালি প্রজন্ম বাদ দিলে বছরের পর বছর ধরে দলটির ইতিহাস ছিল বড় মঞ্চে এসে খেই হারিয়ে ফেলার বা ‘আন্ডার-অ্যাচিভার’ হয়ে থাকার। তবে ২০১০ সালে, সব বাধা ভেঙে বিশ্বজয়ের স্বাদ পায় ‘লা রোজা’রা। এর আগে সাফল্য বলতে ছিল ১৯৫০ বিশ্বকাপের চতুর্থ স্থান। 

বিংশ শতাব্দীর শেষভাগে বার্সেলোনার ‘টোটাল ফুটবল’ থেকে অনুপ্রাণিত হয়ে স্প্যানিশ ফুটবলে যে ঘরানার জন্ম হয়েছিল, তা-ই পরে লুইস আরাগোনেস এবং ভিসেন্তে দেল বস্কের হাত ধরে স্পেনের জাতীয় দলে রূপ নেয় ‘টিকিটাকা’ (ছোট ছোট পাসে বল পজিশন ধরে রাখার কৌশল) নামে।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত, এই এক কৌশলেই ব্যাক-টু-ব্যাক দুটি ইউরো এবং একটি বিশ্বকাপ জিতে ফুটবল বিশ্বকে শাসন করেছিল স্পেন। তৎকালীন কোচ ভিসেন্তে দেল বস্কের অধীনে ‘টিকি-টাকা’ ফুটবল দিয়ে পুরো বিশ্বকে বুঁদ করে রেখেছিল তারা। তার অধীনেই, স্পেনের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় গৌরব আসে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। 

এক দশকেরও বেশি সময় ধরে স্পেন মানেই ছিল মাঝমাঠে জাভি-ইনিয়েস্তার-বুস্কেটস সেই ধীরস্থির, নিখুঁত পাসের ‘টিকিটাকা’ ফুটবল। তবে ২০১৪ বিশ্বকাপের পর থেকে প্রতিপক্ষ দলগুলো টিকিটাকা ভাঙার প্রতিষেধক আবিষ্কার করে ফেলে। দলগুলো হাই-প্রেসিং এবং ‘লো-ব্লক’ বা বক্সের সামনে 'ডিফেন্সিভ ওয়াল' তৈরি করার কৌশল বেছে নেয়। এর ফলে টিকিটাকা অনেক সময় শুধু ‘অলস পাসে’ রূপ নেয়। যেখানে বল পজিশন ৮০% থাকলেও আক্রমণভাগে কোনো ধার থাকত না। ২০২২ সালের কাতার বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে ১০০০-এর বেশি পাস দিয়েও গোল করতে না পেরে বিদায় নেওয়ার পর, স্প্যানিশ ফুটবলে এক যুগান্তকারী পরিবর্তনের হাওয়া লাগে। বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন এখন তাদের চিরচেনা টিকিটাকার খোলস ছেড়ে সম্পূর্ণ এক নতুন এবং আধুনিক ঘরানার ফুটবল খেলছে।

স্পেন টিকিটাকার সেই পুরনো খোলস ভাঙতে শুরু করেছে লামিন ইয়ামাল বা নিকো উইলিয়ামসের মতো তরুণদের নিয়ে। ধীরগতির পাসের ফুটবল ছেড়ে তারা এখন খেলছে উইং-কেন্দ্রিক গতিময় ফুটবল।

তবে কী এবার ডেডলক ভাঙতে পারবে ইয়ামালরা? নাকি আন্ডার-অ্যাচিভার হয়েই শেষ করবে আমেরিকা মিশন, সেই উত্তর খোঁজা এখন সময়ের অপেক্ষা।

/এনএ 

Logo