×
Logo

খেলাধুলা

চোটের কারণে বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচ মিস করতে পারেন নেইমার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৮:৪১ পিএম

চোটের কারণে বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচ মিস করতে পারেন নেইমার

ফাইল ছবি

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আবারও বড় ধরনের ধাক্কা খেল ব্রাজিল ফুটবল দল। বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে ভক্তরা যখন প্রহর গুনছিলেন, তখনই চোটের কারণে আবারও মাঠের বাইরে ছিটকে গেলেন সেলেসাওদের সবচেয়ে বড় তারকা নেইমার। পায়ের পেশির গুরুতর সমস্যার কারণে আসন্ন প্রীতি ম্যাচগুলোর পাশাপাশি বিশ্বকাপের প্রথম ম্যাচেও মাঠে নামা হচ্ছে না তার। 

বৃহস্পতিবার (২৮ মে) ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে যে, মেডিকেল পরীক্ষায় নেইমারের কাফে ‘গ্রেড-টু’ ইনজুরি ধরা পড়েছে। দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, ৩৪ বছর বয়সী এই ফুটবলারের পুরোপুরি সুস্থ হতে আরও অন্তত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।

খেলোয়াড়দের সংবাদ সম্মেলনের আগে ডা. লাসমার গণমাধ্যমকে বলেন,  মঙ্গলবার (২৬ মে) গ্রাঞ্জা কোমারিতে রিপোর্ট করার পর নেইমারের বিস্তারিত মেডিকেল পরীক্ষা করা হয়। পরবর্তীতে এমআরআই স্ক্যানে দেখা গেছে, এটি সাধারণ কোনো ফোলাভাব নয়, বরং একটি গ্রেড-টু কাফ ইনজুরি, যেখানে মাংসপেশি আংশিক ছিড়ে গেছে। তিনি আরও জানান, আপাতত নেইমারকে সম্পূর্ণ বিশ্রামে রেখে নিবিড় পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে। তবে এই চোটের কারণে তাকে বিশ্বকাপের পুরো স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে কি না সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি এই চিকিৎসক।

আগামী ১৩ জুন নিউ জার্সিতে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের যে উদ্বোধনী ম্যাচ রয়েছে, সেখানেও নেইমারের খেলা প্রায় অসম্ভব। উল্লেখ্য, বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুটি প্রতিপক্ষ হলো হাইতি ও স্কটল্যান্ড।

/এএ 

Logo