স্কটল্যান্ডে ঈদ উদযাপন করলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৬:৪৬ পিএম
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ত্রিদেশীয় সিরিজ খেলতে এখন স্কটল্যান্ডে অবস্থান করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা। দেশের মা-বাবা, পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও সুদূর স্কটল্যান্ডেই পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন টাইগ্রেসরা।
বুধবার (২৭ মে) ঈদ পালিত হয়েছে। উৎসবের এই দিনে ক্রিকেট মাঠের লড়াই ভুলে আনন্দের আমেজে মেতে ওঠেন ক্রিকেটাররা। নতুন আকর্ষণীয় পোশাকে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে (সোশ্যাল মিডিয়া) নিজেদের ছবি শেয়ার করেছেন টাইগ্রেসরা। বাংলাদেশ দলের বাহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা তার ফেসবুক পেজে সতীর্থদের সাথে ছবি পোস্ট করে দেশবাসী ও ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শুধু ক্রিকেটাররাই নন, দলের সাথে থাকা কোচিং স্টাফের সদস্যরাও সেখানে স্থানীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন এবং একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন।
স্কটল্যান্ডে এই ত্রিদেশীয় সিরিজ শেষ করেই সরাসরি বিশ্বকাপে যোগ দেবে বাংলাদেশ নারী দল। এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এ। এই গ্রুপে টাইগ্রেসদের সঙ্গী হিসেবে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস।
/এএ