×
Logo

খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপ

কোন দল ঘাঁটি গাড়ছে কোথায়?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:১৬ পিএম

কোন দল ঘাঁটি গাড়ছে কোথায়?

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলোর বেস ক্যাম্প ও অনুশীলন ভেন্যুর তালিকা প্রকাশ হতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল এবং অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ।

বিশ্বকাপ চলাকালে দলগুলো শুধু ম্যাচ খেলবেই না, বরং নির্ধারিত বেস ক্যাম্প থেকেই অনুশীলন, কৌশল নির্ধারণ, পুনর্বাসন এবং মিডিয়া কার্যক্রম পরিচালনা করবে। ফলে ম্যাচের শহরের বাইরে থেকেও সমর্থকদের জন্য প্রিয় তারকাদের কাছ থেকে দেখার সুযোগ তৈরি হতে পারে।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিকে নিজেদের ঘাঁটি হিসেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বেছে নিয়েছে। একই শহরে থাকবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ফলে এবারের বিশ্বকাপের অন্যতম বড় ফুটবল কেন্দ্র হয়ে উঠেছে কানসাস সিটি। 

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ক্যাম্প করবে নিউ জার্সির মরিস্টাউনে। আর গেল বারের রানার্সআপ ফ্রান্স থাকবে ম্যাসাচুসেটসের বস্টনে। ইউরোপের আরেক জায়ান্ট জার্মানি নিজেদের প্রস্তুতি নেবে নর্থ ক্যারোলিনার উইনস্টন-সালেমে।

স্বাগতিক যুক্তরাষ্ট্র অবস্থান করবে ক্যালিফোর্নিয়ার আরভাইনে। অন্যদিকে, আরেক স্বাগতিক কানাডা গ্রুপ পর্বের প্রথম ম্যাচের পর ভ্যাঙ্কুভারে নিজেদের ক্যাম্প পরিচালনা করবে।

এশিয়ার দলগুলোর মধ্যে জাপান টেনেসির ন্যাশভিলে, দক্ষিণ কোরিয়া মেক্সিকোর গুয়াদালাহারায় এবং সৌদি আরব ক্যাম্প স্থাপন করবে টেক্সাসের অস্টিনে। এছাড়া ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় অবস্থান নেবে কাতার।

আফ্রিকার প্রতিনিধিদের মধ্যে মরক্কো ক্যাম্প করবে নিউ জার্সির বার্নার্ডস টাউনশিপে, সেনেগাল নিউ ব্রান্সউইকে, মিশর ওয়াশিংটনের স্পোকেনে এবং আইভরি কোস্ট পেনসিলভানিয়ার চেস্টারে অনুশীলন করবে।

লাতিন আমেরিকার দলগুলোর মধ্যে উরুগুয়ে ক্যাম্প করবে মেক্সিকোর প্লায়া দেল কারমেনে, কলম্বিয়া গুয়াদালাহারায় এবং ইকুয়েডর বেস ক্যাম্প গড়ছে যুক্তরাষ্ট্রের ওহাইওর কলম্বাসে।

এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান তাদের নির্ধারিত বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। তাদের দাবি, ফিফা এ পরিবর্তনের অনুমোদন দিয়েছে।

অন্যান্য দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া থাকবে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে, সুইজারল্যান্ড ও নিউজিল্যান্ড সান ডিয়েগোতে এবং পানামা কানাডার অন্টারিওতে ক্যাম্প করবে।

বিশ্বকাপ আয়োজকরা জানিয়েছেন, বিভিন্ন শহরে দলগুলোর অনুশীলন সেশন আংশিকভাবে সমর্থকদের জন্য উন্মুক্ত রাখার পরিকল্পনাও রয়েছে। ফলে ম্যাচের বাইরেও বিশ্বকাপ ঘিরে উৎসব ছড়িয়ে পড়বে উত্তর আমেরিকার নানা শহরে।

(তথ্যসূত্র: এনবিসি স্পোর্টস)

/এনএ 

Logo