×
Logo

খেলাধুলা

ইএ স্পোর্টেসের ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ জিতবে পর্তুগাল!

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:৩০ এএম

বিশ্বকাপ জিতবে পর্তুগাল!

৪৮ দেশের অংশগ্রহণে এবারের মেগা ফুটবল বিশ্বকাপের শিরোপা উঠতে যাচ্ছে পার্তুগালের হাতে! ইএ স্পোর্টেসের এই ভবিষ্যদ্বণী হৈ চৈ ফেলে দিয়েছে পুরো ফুটবল বিশ্বে। যদিও আগের চার বিশ্বকাপের নিঁখুত প্রেডিকশন দেখাচ্ছে আশার আলো। আর তা যদি সত্যি হয় তবে ক্যারিয়ারের শেষ বিকেলে এসে অধরাকে স্পর্শ করার সুযোগ পাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এর মাঠের লড়াই শুরু হতে বাকি এখনো কিছুদিন। তবে প্রযুক্তি আর পরিসংখ্যানের টেবিলে এখনই চূড়ান্ত হয়ে গেছে বিশ্বচ্যাম্পিয়নের নাম! জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টসের হাই-টেক গেম সিমুলেশন বলছে, ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের সোনালী ট্রফিটা উঠতে যাচ্ছে সেলেসাও দেস কুইনাস খ্যাত পর্তুগালের হাতে।

অনেকের কাছে এটি কেবলই একটি গেমের ভবিষ্যৎ মনে হলেও ইতিহাস বলছে একে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। গত দেড় দশক ধরে বিশ্বকাপের ট্রফি কার ঘরে যাবে, তা নিখুঁতভাবে আগাম জানিয়ে দিচ্ছে এই ইএ স্পোর্টস। ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং সবশেষ ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বজয়ের ভবিষ্যদ্বাণী টুর্নামেন্ট শুরুর আগেই হুবহু মিলিয়ে দিয়েছিল তারা।

টানা চার আসরে শতভাগ সফল থাকার পর, এবার ইএ স্পোর্টসের রাডারে পর্তুগাল। আর এই ভবিষ্যদ্বাণী সত্যি হলে, ক্যারিয়ারের শেষ ও ষষ্ঠ বিশ্বকাপে এসে অধরাকে স্পর্শ করার ভাগ্য হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ৪১ বছর বয়সে এসেও যার গোলক্ষুধা তরুণদের চেয়েও বেশি, ফুটবল বিধাতা কি এবার তাঁর প্রতি একটু বেশিই সদয় হবেন?

ক্যারিয়ারে হাজারো রেকর্ড আর মুঠো মুঠো ট্রফি জিতলেও, ট্রফি ক্যাবিনেটের একটা শূন্যতা রোনালদোকে তাড়িয়ে বেরিয়েছে ক্যারিয়ারজুড়ে। ইএ স্পোর্টসের এই প্রেডিকশন যদি সত্যি হয়, তবে চোখের জলে নয়, বরং সোনালী ট্রফি উঁচিয়ে সিআরসেভেন বিদায় নেবেন রাজার বেশে, এই আবেগ এখন শুধু পর্তুগিজদের নয়, বিশ্বজুড়ে কোটি কোটি রোনালদো ভক্তের।

এখন দেখার বিষয় বিজ্ঞান আর কৃত্রিম বুদ্ধিমত্তার এই হিসাব কি বাস্তবে রূপ পাবে উত্তর আমেরিকার বিশ্বকাপে? নাকি সব পরিসংখ্যানের পিঠে চড়ে বসবে মাঠের অন্য কোনো চমক? উত্তরটা তোলা থাকলো সময়ের হাতেই।

Logo