×
Logo

খেলাধুলা

ইবোলা প্রাদুর্ভাব

বিশ্বকাপ শুরুর আগে ২১ দিনের আইসোলেশনে থাকবে কঙ্গোর ফুটবলাররা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:৩৮ এএম

বিশ্বকাপ শুরুর আগে ২১ দিনের আইসোলেশনে থাকবে কঙ্গোর ফুটবলাররা

বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়ার আগে, ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর কঙ্গোর ফুটবলারদের ২১ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিন বা আইসোলেশনে থাকতে হবে। শনিবার (২৩ মে ) আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালার আলোকে এই কঠোর নিয়ম জারি করা হয়েছে।

ভয়াবহ ইবোলা ভাইরাসের সংক্রমণের কারণে সম্প্রতি আফ্রিকার তিনটি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন প্রশাসন। তবে আসন্ন ফিফা বিশ্বকাপের বৈশ্বিক গুরুত্ব বিবেচনা করে কঙ্গোর ফুটবলারদের জন্য সেই ভ্রমণ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেয় আয়োজক দেশটি। কিন্তু কঙ্গোর ফুটবলাররা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেও তাদের স্বাস্থ্য সুরক্ষায় কোনো ছাড় দেওয়া হচ্ছে না।

সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে কঙ্গো জাতীয় ফুটবল দলকে এই বার্তা পাঠানো হয়েছে। সেই বার্তায় জানানো হয়েছে, খেলোয়াড় এবং অফিশিয়ালদের যুক্তরাষ্ট্রে পা রাখার পর অত্যন্ত কঠোরভাবে ২১ দিনের আইসোলেশন প্রোটোকল মেনে চলতে হবে। যদি কোনো খেলোয়াড় বা দলের কোনো সদস্য এই নিয়ম অমান্য করেন বা শর্ত ভাঙেন, তবে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার বাতিলসহ বড় ধরনের আইনি ও ভিসা জটিলতায় পড়তে হতে পারে।

বিশ্বকাপের মতো বড় আসরের ঠিক আগে টানা তিন সপ্তাহ মাঠের অনুশীলনের বাইরে আইসোলেশনে থাকা কঙ্গো দলের মাঠের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে এখন বড় চিন্তায় পড়েছে দেশটির ফুটবল ফেডারেশন। 

/এএ  


Logo