×
Logo

খেলাধুলা

নিখুঁত ফুটবলের আদুরে ডাক 'জার্মান মেশিন'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:৩৭ পিএম

নিখুঁত ফুটবলের আদুরে ডাক 'জার্মান মেশিন'

বিশ্বজুড়ে ‘মেড ইন জার্মানি’ বা জার্মান যন্ত্রের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নিখুঁত প্রকৌশল, স্থায়িত্ব, শৃঙ্খলা আর শতভাগ কার্যকারিতা। বিএমডব্লিউ, মার্সিডিজ-বেঞ্জ কিংবা অত্যাধুনিক ভারী শিল্প, যা জার্মানরা কোনো আবেগ দিয়ে বানায় না। বানায় নিখুঁত গাণিতিক পরিকল্পনা দিয়ে। ঠিক একইভাবে জার্মানির ফুটবল দল যখন মাঠে নামে, তাদের খেলার ধরনও যেন কোনো শৈল্পিক ফুটবল নয়, বরং মাঠের বুকে সচল এক ‘জার্মান মেশিন’!  

বিশ্ব ফুটবলে জার্মানিকে ডাকা হয় ‘দ্য জার্মান মেশিন’। একটি আধুনিক যন্ত্র যেমন প্রতিটি গিয়ার, নাট-বল্টুর নিখুঁত সমন্বয়ে কোনো বিচ্যুতি ছাড়াই চলতে থাকে, জার্মান ফুটবলাররাও মাঠে ঠিক সেভাবে খেলেন। লাতিন আমেরিকার ফুটবলে যেখানে থাকে ব্যক্তিগত নৈপুণ্য ও ড্রিবলিংয়ের ছন্দময় জাদু, সেখানে জার্মান ফুটবলের মূল ভিত্তি হলো দলগত শৃঙ্খলা, নিখুঁত পজিশনিং এবং পূর্বপরিকল্পিত রণকৌশল। মাঠের ১১ জন খেলোয়াড় যেন একটি রোবোটিক যন্ত্রের একেকটি পার্টস, যা একসাথে নিখুঁতভাবে কাজ করে।

এই জার্মানি বিশ্বকাপ ফুটবলের অন্যতম সফল দল। সর্বোচ্চ বিশ্ব আসরে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও তাদের ঝুলিতে। ইতালির সাথে যৌথভাবে বিশ্ব আসরের দ্বিতীয় সর্বোচ্চ (৪ বার) খেতাবেরও অধিকারী। তারা রেকর্ডসংখ্যক (৮ বার) বিশ্বকাপের ফাইনাল খেলেছে এবং ১২ বার সেরা তিনের মধ্যে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। এছাড়া তাদের সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তিনি ৪টি বিশ্বকাপে (২০০২-২০১৪) মোট ১৬টি গোল করেছেন।

এছাড়া একমাত্র দল হিসেবে দুই নামে বিশ্বকাপে অংশ নেওয়ার বিরল ইতিহাসও তাদের। ১৯৭৪ বিশ্বকাপে অংশ নিয়েছিলো পশ্চিম এবং পূর্ব জার্মানি। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পশ্চিম জার্মানি।

জার্মানির বিশ্বের অন্যতম সফল দল হিসেবে বেড়ে ওঠা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। নিষেধাজ্ঞা কাটিয়ে ১৯৫৪ বিশ্বকাপের শিরোপা ছিল জার্মানির প্রথম বিশ্বকাপ জয়, যা ফুটবল ইতিহাসে এক রূপকথা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল তৎকালীন পরাশক্তি ‘ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স’ হাঙ্গেরি। ম্যাচের মাত্র ৮ মিনিটের মাথায় হাঙ্গেরি ২-০ ব্যবধানে এগিয়ে যায়। কিন্তু অলৌকিক এক প্রত্যাবর্তন ঘটিয়ে জার্মানি ৩-২ ব্যবধানে ম্যাচটি জিতে নেয়। এই ঐতিহাসিক জয়টি জার্মানিতে 'মিরাকল অব বার্ন' নামে পরিচিত, যা যুদ্ধবিধ্বস্ত একটি জাতিকে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়েছিল।

কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের নেতৃত্বে ঘরের মাঠে অনুষ্ঠিত ১৯৭৪ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা জেতে পশ্চিম জার্মানি। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ইয়োহান ক্রুইফের নেদারল্যান্ডস, যারা তাদের বিখ্যাত ‘টোটাল ফুটবল’ দিয়ে পুরো বিশ্বকে বুঁদ করে রেখেছিল। নেদারল্যান্ডসের সেই অপ্রতিরোধ্য ফুটবলকে নিজেদের যান্ত্রিক ডিসিপ্লিন দিয়ে ২-১ ব্যবধানে রুখে দেয় জার্মানি। জয়সূচক গোলটি করেছিলেন কিংবদন্তি স্ট্রাইকার জার্ড মুলার।

১৯৮২ এবং ১৯৮৬ টানা দুটি বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার পর ১৯৯০ সালে এসে অধরা তৃতীয় ট্রফির দেখা পায় জার্মানি। এবার কোচ হিসেবে ডাগআউটে ছিলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এবং অধিনায়ক ছিলেন লোথার ম্যাথিউস। রোমের ফাইনালে দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে ১৯৮৬ সালের ফাইনাল হারের মধুর প্রতিশোধ নেয় জার্মানরা। ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছিলেন আন্দ্রেয়াস ব্রেহমে।

লাতিন আমেরিকার মাটিতে কোনো ইউরোপীয় দেশ বিশ্বকাপ জিততে পারে না, এই বহু বছরের পুরোনো মিথ ভেঙে ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় জোয়াকিম লোর জার্মানি। এই টুর্নামেন্টের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করার ঘটনাটি ফুটবল ইতিহাসের অন্যতম বড় ধাক্কা হিসেবে বিবেচিত। ফাইনালে মারাকানা স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে মারিও গোটশের জাদুকরী গোলে ১-০ ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বজয় করে জার্মানি।

২০১৪ সালের আসর পর্যন্ত অপ্রতিরোধ্য থাকা ‘জার্মান মেশিন’, ২০১৮ (রাশিয়া) এবং ২০২২ (কাতার) বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে এক চরম লজ্জার রেকর্ডের মুখোমুখি হয়। তবে কোচ জুলিয়ান নাগেলসম্যানের অধীনে বর্তমান তরুণ দলটি ২০২৫ সালের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। পুরো বিশ্ববাসীই এবার আলাদা নজর রাখবে এই জার্মান যন্ত্রের হৃত গৌরব পুনরুদ্ধারের মিশনে। 

/এনএ

Logo