ফিফা বিশ্বকাপ ২০২৬
হ্যারি ম্যাগুয়ার, ফিল ফোডেন ও কোল পামারকে ছাড়াই দল ঘোষণা ইংল্যান্ডের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৪:৪৬ পিএম
১৯৬৬ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে দীর্ঘ ৬০ বছর, কিন্তু ফুটবলের সোনালী ট্রফিটি আর ‘হোমে’ ফেরাতে পারেনি ইংল্যান্ড। এর মাঝে ১৯৯০ এবং ২০১৮ সালে সেমিফাইনাল এবং সাম্প্রতিক সময়ে ইউরো ২০২০ ও ইউরো ২০২৪-এর ফাইনালে গিয়েও স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে থ্রি লায়নসদের। তবে এবার উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) ২০২৬ বিশ্বকাপে শিরোপার খরা কাটাতে মরিয়া ইংলিশরা। বাছাইপর্বে নিজেদের ৮টি ম্যাচের প্রতিটিতে জিতে এবং একটি গোলও না হজম করার এক অবিশ্বাস্য রেকর্ড নিয়ে মূল আসরের টিকিট কেটেছে তারা।
সেই লক্ষ্যে আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। দল ঘোষণায় বড় ধরনের সাহসী ও চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ কোচ টমাস টুখেল। ফর্ম বা কৌশলগত কারণে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা কোল পামার এবং ফিল ফোডেন এবং হ্যারি ম্যাগুয়ারকে যা ফুটবলপ্রেমীদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
দল নিয়ে সমালোচনা থাকলেও ইংল্যান্ডকে আশার আলো দেখানোর মত খেলোয়াড়ও রয়েছে দলটিতে। এই দলের অধিনায়ক হিসেবে রয়েছেন ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন। যিনি বায়ার্ন মিউনিখের হয়ে এই মৌসুমে ৫৩ ম্যাচে রেকর্ড ৬০ গোল করে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন।
কেইনের ঠিক পেছনে থেকে মাঝমাঠ ও আক্রমণের মূল সংযোগ হিসেবে খেলবেন রিয়াল মাদ্রিদের ২২ বছর বয়সী সুপারস্টার জুড বেলিংহ্যাম। ইউরো ২০২৪-এ ইংল্যান্ডকে ফাইনালে তোলার মূল নায়ক ছিলেন তিনি।
ইংলিশ মাঝমাঠের প্রধান ইঞ্জিন হিসেবে থাকছেন ডেক্লান রাইস। যিনি আর্সেনালকে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে রাখা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে অনবদ্য অবদান রেখেছেন।
উত্তর আমেরিকার মাটিতে মাঠে নামার সাথে সাথেই ইংল্যান্ডের হয়ে প্রধান টুর্নামেন্টগুলোতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকের রেকর্ডটি আরও সমৃদ্ধ করবেন অভিজ্ঞ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।
২০২৬ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের চূড়ান্ত স্কোয়াড:
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জেমস ট্রাফোর্ড (ম্যানচেস্টার সিটি)।
রক্ষণভাগ: রিস জেমস (চেলসি), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল), মার্ক গেহি (ম্যানচেস্টার সিটি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জন স্টোন্স (ম্যানচেস্টার সিটি), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), নিকো ও'রাইলি (ম্যানচেস্টার সিটি), ড্যান বার্ন (নিউক্যাসল), জেদ স্পেন্স (টটেনহ্যাম হটস্পার)।
মিডফিল্ডার: ডেক্লান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), কোবি মাইনো (ম্যানচেস্টার ইউনাইটেড), এবারিচি এজে (আর্সেনাল)।
ফরোয়ার্ড: হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ইভান টনি (আল-আহলি), ওলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা), বুকায়ো সাকা (আর্সেনাল), নোনি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল)।
/এনএ