×
Logo

খেলাধুলা

সিলেট টেস্ট

ব্যাটে-বলে দ্বিতীয় দিন বাংলাদেশের, লিড ১৫৬

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:০৫ পিএম

ব্যাটে-বলে দ্বিতীয় দিন বাংলাদেশের, লিড ১৫৬

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে টাইগাররা। দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১০ রান তুলেছে বাংলাদেশ। এতে নাজমুল হোসেন শান্তর দলের লিড দাঁড়িয়েছে ১৫৬ রানে।

দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই সতর্কভাবে ব্যাট করে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম করতে পেরেছেন মাত্র ৪ রান। মোহাম্মদ আব্বাসের বলে ৫২ রানে আউট হন মাহমুদুল হাসান জয়। মুমিনুল ৩০ রানে ফেরেন সাজঘরে। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দলের ভরসা হিসেবে ক্রিজে আছেন অধিনায়ক শান্ত। দিনশেষে ১৩ রানে অপরাজিত আছেন তিনি।

পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। আব্বাসের শিকার ১টি উইকেট। এছাড়া, সাজিদ খান ৮ ওভারে ৩৬ রান দিলেও কোনো উইকেট পাননি।

এর আগে, ২৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। দিনটা শুরু হয় দুই ওপেনার আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজলের ব্যাটে। শুরুতেই ফজলকে ফিরিয়ে পাকিস্তান শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। এই ওপেনারের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। তাসকিন আউট করেন আরেক ওপেনার আজানকেও। ইনিংস লম্বা হয়নি শান মাসুদের। ২১ রান করে মিরাজের শিকার হন পাক অধিনায়ক। এরপর মিরাজ ফেরান সৌদ শাকিলকেও।

দলের হয়ে লড়ে যাচ্ছিলেন বাবর আজম। ৬৮ রান করে নাহিদ রানার শিকার হন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। সালমান আগাকে প্যাভিলিয়নের পথ দেখান তাইজুল, ফেরান মোহাম্মদ রিজওয়ানকেও। ১৮৪ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। সেখান থেকে শেষ দুই উইকেটে ৪৮ রান তোলে সফরকারীরা। সাজিদ খানের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৮ রান। পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে।

এরও আগে, প্রথম দিনে লিটন দাসের ১২৬ রানের উপর ভর করে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

/এওয়াইএ/এএম    

Logo