প্রথমবারের মতো পেশাদার টি-টোয়েন্টি লিগ আয়োজন করছে সৌদি আরব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৪:৫৯ পিএম
২০২৬ সালের অক্টোবর মাসে প্রথমবারের মতো পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। যা দেশটির ক্রীড়া ইতিহাসের নতুন একটি অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। খবর আরব নিউজের।
ছয়টি দল নিয়ে গঠিত 'ডিউনস টি-টোয়েন্টি লিগ' অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হবে, যেখানে আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন তারকাদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।
আয়োজকদের মতে, এই লিগ শুধু খেলা নয়, বরং একটি পূর্ণাঙ্গ ক্রীড়া ও বিনোদন অভিজ্ঞতা হিসেবে গড়ে তোলা হবে, যেখানে বিশ্বের অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় প্রতিভাদের ও সুযোগ দেওয়া হবে। এর লক্ষ্য হলো অঞ্চলটিতে একটি শক্তিশালী ক্রিকেট সংস্কৃতি তৈরি করা, যেখানে কিংবদন্তিরাও যুক্ত থাকবেন।
প্রস্তুতি জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে, ২০২৬ সালের অক্টোবরের উদ্বোধনী আসরটি সৌদি আরবের ক্রীড়া ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। এটি বিশ্ববিখ্যাত ক্রিকেট তারকা, আঞ্চলিক প্রতিভা এবং আধুনিক অবকাঠামোকে একত্রিত করে দেশটিকে আন্তর্জাতিক ক্রিকেট মানচিত্রে একটি নতুন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করবে।
এর আগে, ২০২৫ সালের অক্টোবরে সৌদি আরবের ক্রিকেট ফেডারেশন, সাউথ এশিয়ান নেটওয়ার্ককে এই টুর্নামেন্ট আয়োজন ও পরিচালনার অধিকার প্রদান করে। তারা ইউনিক স্পোর্টস গ্রুপ এবং প্রোলিথিক ট্যালেন্ট এজেন্সির সাথে অংশীদারিত্বে এই আয়োজন পরিচালনা করবে। ভারতের সাবেক ক্রিকেট তারকা যুবরাজ সিং এই লিগের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।
যুবরাজ সিং বলেন, তিনি সৌদি আরবে ক্রিকেটের এই নতুন উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত। এই লিগের লক্ষ্য হলো নতুন বাজারে ক্রিকেটকে প্রসারিত করা, স্থানীয় উদীয়মান খেলোয়াড়দের সুযোগ তৈরি করা এবং দর্শকদের জন্য একটি সত্যিকারের ক্রিকেট অভিজ্ঞতা প্রদান করা। আন্তর্জাতিক ক্রিকেটের কিংবদন্তিদের পাশাপাশি উদীয়মান প্রতিভাদের একসাথে খেলতে দেখাটা দর্শকদের জন্য হবে দারুণ ব্যাপার।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের কিংবদন্তি ও নতুন প্রতিভাদের একসঙ্গে খেলতে দেখা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং তিনি এই উদ্যোগকে সফল করতে ভূমিকা রাখতে আগ্রহী।
আয়োজক সংস্থার একজন মুখপাত্র বলেন, এই অংশীদারিত্ব সৌদি আরবে ক্রিকেটের বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাদের লক্ষ্য বিশ্বমানের একটি ক্রীড়া বিনোদন তৈরি করা এবং একই সাথে সৌদি আরবের স্থানীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে খেলার সুযোগ করে দেওয়া।
/এএন