ইয়ামালের ফিলিস্তিনি পতাকা ওড়ানোকে কেন্দ্র করে ইসরায়েল-স্পেনের বাগযুদ্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:২৯ পিএম
২০২৫-২৬ মৌসুমের স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। ক্লাবটির বিজয় প্যারাডে দলের ফরোয়ার্ড লামিন ইয়ামালের হাতে দেখা গেছে ফিলিস্তিনি পতাকা। এই পতাকা ওড়ানোকে কেন্দ্র করেই কথা লড়াই শুরু হয়েছে ইসরায়েল ও স্পেনের মধ্যে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী একে আখ্যায়িত করেছেন 'ঘৃণা উসকে' দেয়ার মতো ঘটনা হিসেবে। পাল্টা জবাব দিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রীও।
মূলত, লা লিগা জয়ের উৎসবে যখন মাতোয়ারা বার্সেলোনা, ঠিক তখনই শহরজুড়ে জমায়েত হওয়া লাখ লাখ সমর্থকের চোখের সামনে ফিলিস্তিনের পতাকা মেলে ধরলেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। তার এই একটি কাণ্ডই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
১৮ বছর বয়সী ইয়ামালের এই উদযাপন কেবল একটি পতাকা ওড়ানোতেই সীমাবদ্ধ থাকেনি। গাজার ধ্বংসস্তূপের মাঝে এখন জ্বলজ্বল করছে তার বিশাল এক ম্যুরাল। ফিলিস্তিনিদের প্রতি এই সংহতি যেমন আরব বিশ্বে প্রশংসা কুড়াচ্ছে, তেমনি ক্ষোভের আগুন জ্বালিয়েছে ইসরায়েলি শিবিরে।
ফিলিস্তিনের প্রতি ইয়ামালের সহমর্মিতাকে সরাসরি ঘৃণা উসকে দেওয়া বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অভিযোগ করেন— যখন ইসরায়েলি সেনারা হামাসের বিরুদ্ধে লড়ছে, তখন ইয়ামাল বিদ্বেষ ছড়াচ্ছেন। এমনকি বার্সেলোনা ক্লাবকে এই আচরণ থেকে নিজেদের দূরে সরিয়ে নেওয়ারও আহ্বান জানান কাৎজ।
তবে ইসরায়েলি মন্ত্রীর সেই সমালোচনার জবাব দিয়েছেন স্বয়ং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি জানান, ইয়ামালের মতো কোটি স্প্যানিশ নাগরিক এই সংহতি মনেপ্রাণে ধারণ করেন।
সানচেজ বলেন, 'একটি রাষ্ট্রের পতাকা ওড়ানোর বিষয়টিকে যারা ঘৃণা উসকে দেওয়া বলে মনে করেন, তারা হয় হিতাহিত জ্ঞান হারিয়েছেন, নয়তো নিজেদের জঘন্য মানসিকতায় অন্ধ হয়ে গেছেন। লামিন কেবল ফিলিস্তিনের প্রতি সেই সংহতিই প্রকাশ করেছেন, যা কোটি কোটি স্প্যানিশ নাগরিক মনেপ্রাণে ধারণ করেন। তাঁর জন্য গর্বিত হওয়ার এটি আরও একটি বড় কারণ।'
প্রসঙ্গত, ধর্মপ্রাণ মুসলিম হিসেবে পরিচিত ইয়ামাল এর আগেও বর্ণবাদ ও মুসলিমবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ অবশ্য বিষয়টিকে খেলোয়াড়ের ব্যক্তিগত আবেগ হিসেবে দেখছে। তবে গাজার রক্তক্ষয়ী যুদ্ধের আবহে ফুটবল মাঠের এই প্রতিবাদের ভাষা এখন পৌঁছে গেছে রাজনৈতিক টেবিল পর্যন্ত।
/এমএইচআর