ইংলিশ প্রিমিয়ার লিগ
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:০৪ এএম
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যাচ হারের তিক্ত স্বাদ পেয়েছে লিভারপুল। অ্যাস্টন ভিলার কাছে ৪-২ গোলে হেরেছে অলরেডরা।
শুক্রবার (১৫ মে) বার্মিংহামের ভিলা পার্কে লিভারপুলকে আতিথ্য দেয় অ্যাস্টন ভিলা। ভ্যান ডাইকের জোড়া গোলের বিপরীতে স্বাগতিকদের হয়ে দুই গোল করেন ওয়াটকিন্স। এছাড়া স্কোর করেন মরগান রজার্স ও জন ম্যাকগিন।
ম্যাচের ৪১তম মিনিটে মর্গান রজার্সের দুর্দান্ত গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
তবে দ্বিতীয়র্ধের শুরুর দিকে সমতা আনে লিভারপুল। ৫১ মিনিটে স্কোর শিটে নাম তোলেন ভ্যান ডাইক। তবে ৫৬ মিনিটে অলি ওয়াটকিনস ফের এগিয়ে দেন ভিলাকে। ৭২তম মিনিটে ২য় দফা স্কোর শিটে নাম তুলে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন এই ইংলিশ স্ট্রাইকার। ৮৮ মিনিটে চতুর্থ গোল পায় ভিলা, এবার জন ম্যাকগিন বল জড়ান লিভারপুলের জালে।
ম্যাচের ইনজুরি সময়ে ভ্যানডাইক আবারও স্কোর শিটে নাম তুললেও, ৪-২ গোলে হারের লজ্জা পায় লিভারপুল। এই জয়ে অলরেডদের টপকে টেবিলের ৪ নম্বরে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। সেইসাথে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলাও নিশ্চিত করেছে ক্লাবটি।
উল্লেখ্য, মৌসুমে ৩৭ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে রয়েছে অ্যাস্টন ভিলা। বাকি ম্যাচটি হারলেও তাদের অবস্থান শীর্ষ পাঁচের বাইরে যাবে না। অপরদিকে, লিভারপুল ৩ পয়েন্ট পিছিয়ে থেকে অবস্থান করছে তালিকার পাঁচ নম্বরে। অবশ্য সেই অবস্থান ধরে রাখা নিয়েও রয়েছে শঙ্কা। শেষ ম্যাচ ডে তে নিষ্পত্তি হবে ইপিএলের শীর্ষ পাঁচের অবস্থান, যারা খেলবে চ্যাম্পিয়নস লিগে।
/এমএইচআর