সিলেট টেস্ট
চোটে ছিটকে গেলেন সাদমান, সুযোগ পেলেন জাকির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:২৮ পিএম
চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম। আগামী ১৬ মে সিলেটে শুরু হতে যাওয়া ম্যাচে তিনি খেলতে পারবেন না।
বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, বুকে আঘাত পাওয়ায় ছিটকে গেছেন সাদমান। তার বদলে দলে নেওয়া হয়েছে আরেক বাঁহাতি ওপেনার জাকির হাসানকে।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, 'মিরপুরে প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে শাদমান বুকে আঘাত পান। বর্তমানে তিনি বুকের ট্রমাটিক কনটিউশনে ভুগছেন এবং ব্যথা অনুভব করছেন। দুর্ভাগ্যজনকভাবে তিনি দ্বিতীয় টেস্টে অংশ নিতে পারবেন না।'
সাদমানের পাশাপাশি চোট সমস্যা আছে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়েও। মিরপুর টেস্টে ফিল্ডিংয়ের সময়ই আঙুলের হাড় নড়ে যায় তার। তবে সিলেটে বৃহস্পতিবার নেটে ব্যাটিং করেন জাকির হাসান। টেস্ট ম্যাচে খেলতেও তিনি অনেক আত্মবিশ্বাসী বলে জানা গেছে দলীয় সূত্রে।
জয়-সাদমানের চোট নিয়ে অনিশ্চয়তার কারণেই সকালে জাকিরকে সিলেটে পাঠানো হয়। আগের দিনও ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। লিগের চার ম্যাচের মধ্যে একটিতে ১৩৭ ও আরেকটিতে ৭৪ রানের ইনিংস খেলেছেন ২৮ বছর বয়সী ব্যাটসম্যান জাকির হাসান।
জাকির বাংলাদেশের হয়ে খেলেছেন ১৩ টেস্ট। ২০২২ সালে অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি ও পরের দুই টেস্টে ফিফটি করলেও ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় জায়গা হারান দলে। সবশেষ তাকে দেখা গেছে ২০২৪ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে।
স্কোয়াডে ফিরলেও অবশ্য সাদমানের বদলে একাদশে তার ঢোকার সম্ভাবনা নেই বললেই চলে। আগে থেকেই স্কোয়াডে থাকা তানজিদ হাসানের অভিষেক হচ্ছে নিশ্চিতভাবেই। তবে জয় শেষ পর্যন্ত খেলতে না পারলে সুযোগ মিলতে পারে জাকিরের।
সিলেট টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), লিটন দাস, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।
/এওয়াইএ/এমএইচআর