চ্যাম্পিয়নস প্যারেডে ফিলিস্তিনি পতাকা হাতে
ইয়ামালকে ভক্তরা বললেন, 'গাজাবাসীরা তোমাকে অনেক ভালবাসে'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১০:৫৩ এএম
বার্সেলোনার 'লা লিগা' শিরোপা উদযাপনের প্যারেডে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ব্যাপক প্রশংসিত হচ্ছেন স্প্যানিশ সুপারস্টার লামিন ইয়ামাল। সোমবার ( ১১ মে ) রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিশ্চিত করার পর কাতালোনিয়ার রাস্তায় এই বিজয় র্যালি বের করা হয়।
১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড প্যারেড চলাকালীন একটি বড় ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে হাজার হাজার ভক্তের উদ্দেশ্যে সেটি নেড়ে সংহতি প্রকাশ করেন। চোটের কারণে রোববারের 'এল ক্লাসিকো'তে খেলতে না পারলেও সোমবার সতীর্থদের সঙ্গে উৎসবে যোগ দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালের এই সাহসিকতাপূর্ণ আচরণের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। গাজার ফিলিস্তিনি শিক্ষার্থী মুহাম্মদ আকরাম এক প্রতিক্রিয়ায় জানান, কারো কাছে এটি সাধারণ কোনো অঙ্গভঙ্গি মনে হতে পারে, তবে গাজায় আমাদের হৃদয়ে এটি এমনভাবে পৌঁছেছে যা ভাষায় বর্ণনা করা অসম্ভব। ধন্যবাদ লামিন ইয়ামাল।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান ইসরায়েল-হামাস সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো হচ্ছে। ইয়ামালের এই পদক্ষেপ সচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন মানবাধিকারকর্মীরা।
লেবানিজ রাজনৈতিক কর্মী ও লেখক দিয়াব আবু জাহজাহ বলেন, যখন আপনার একটি প্ল্যাটফর্ম আছে, সেটি ব্যবহার করুন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন।
এদিকে, বার্সেলোনা কোচ হানসি ফ্লিক মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানান, তিনি এই বিষয়ে ইয়ামালের সঙ্গে কথা বলেছেন। জার্মান এই কোচ বলেন, আমি তাকে বলেছি তুমি যদি এটি করতে চাও, সেটি তোমার সিদ্ধান্ত। তোমার এখন বিষয়টি বোঝার মতো বয়স হয়েছে।
উদযাপন শেষে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফিলিস্তিনি পতাকাসহ বেশ কিছু ছবি পোস্ট করেন ইয়ামাল। ৪ কোটি ৪২ লাখ অনুসারীর সেই অ্যাকাউন্টে পোস্টটি ইতোমধ্যেই ৫০ লাখের বেশি লাইক পেয়েছে।
/এএ