×
Logo

খেলাধুলা

চীন ও ভারতে বিশ্বকাপ সম্প্রচার চুক্তি নিয়ে ইনফান্তিনোর কপালে চিন্তার ভাঁজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:০৮ পিএম

চীন ও ভারতে বিশ্বকাপ সম্প্রচার চুক্তি নিয়ে ইনফান্তিনোর কপালে চিন্তার ভাঁজ

২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি, অথচ এখনো চীন ও ভারতের মতো বিশাল বাজারে টিভি সম্প্রচার স্বত্ব চূড়ান্ত করতে পারেনি ফিফা। ফলে বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশের দর্শকরা আদৌ ১০৪টি ম্যাচের সবগুলো দেখতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো'র জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। খবর দ্য গার্ডিয়ান'র। 

ফিফা যখন বিশ্বকাপের দল সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করেছিল, তখন উদ্দেশ্য ছিল ভারত ও চীনের মতো বিশাল বাজারকে মূল আসরে টেনে আনা। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই সম্প্রচার স্বত্ব নিয়ে শুরু হয়েছে দর কষাকষি। ভারতে সম্প্রচার স্বত্বের দাম ১০০ মিলিয়ন ডলার থেকে কমিয়ে ৩৫ মিলিয়ন ডলারে নামালেও এখনও কোনো চুক্তি হয়নি। রিলায়েন্স ও ডিজনির একীভূত সংস্থা ‘জিওস্টার’ মাত্র ২০ মিলিয়ন ডলার প্রস্তাব করেছে, যা ফিফার প্রত্যাশার চেয়ে অনেক কম।

এর আগে, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে ‘সনি’ প্রায় ৯০ মিলিয়ন ডলার ব্যয় করেছিল। পরে ২০২২ কাতার বিশ্বকাপের জন্য ‘ভায়াকম১৮’ দেয় ৬২ মিলিয়ন ডলার। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।

২০২২ বিশ্বকাপের তুলনায় এবারের আসরের সময়সূচি ভারতের জন্য ততটা সুবিধাজনক নয়। উপমহাদেশে মধ্যরাতের আগে শুরু হবে মাত্র ১৪টি ম্যাচ। ২০১৮ সালে একটি বাদে বাকি সব ম্যাচই শুরু হয়েছিল মধ্যরাতের আগে আর ২০২২ সালে ২০টি বাদে বাকি সব ম্যাচ।

তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শাজি প্রভাকরণের মতে, এই অচলাবস্থার মূল কারণ এটি নয়। তিনি বলেন, ভারতে সম্প্রচার বাজারে এখন প্রতিযোগিতা কমে গেছে। রিলায়েন্স ও ডিজনির একীভূত হওয়ার পর কার্যত জিওস্টার এবং সনি ছাড়া বড় কোনো খেলোয়াড় নেই। 

তিনি আরও বলেন, ভারতে ক্রীড়াবাজারের প্রধান কেন্দ্র ক্রিকেট। ফলে সম্প্রচারকারীরা এমন একটি ফুটবল টুর্নামেন্টে বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহী নন, যেখানে ভারত খেলছেই না এবং অধিকাংশ ম্যাচ গভীর রাতে অনুষ্ঠিত হবে।

এদিকে ভারতে আইপিএলের দর্শক সংখ্যাও কমেছে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ফলে সম্প্রচারকারীরা আরও সতর্ক হয়ে উঠেছে। এছাড়া ভারতীয় রুপির মানও ডলারের বিপরীতে ধারাবাহিকভাবে কমছে, যা আন্তর্জাতিক স্বত্ব কেনাকে আরও ব্যয়বহুল করে তুলছে।

চীনের বিষয়টি ফিফার জন্য আরও গুরুত্বপূর্ণ। কারণ ২০২২ বিশ্বকাপে বৈশ্বিক টিভি দর্শকের প্রায় ১৭.৭ শতাংশ এসেছিল চীন থেকে। ডিজিটাল ও সামাজিক মাধ্যমে এই হার ছিল প্রায় ৪৯.৮ শতাংশ।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি সাধারণত বিশ্বকাপ সম্প্রচার করে থাকে। তবে তাদের বাজেট প্রায় ৬০-৮০ মিলিয়ন ডলার, যা ফিফার চাওয়া মূল্যের তুলনায় অনেক কম। সময়ের পার্থক্য এবং চীনের জাতীয় দলের দুর্বল পারফরম্যান্সও আগ্রহ কমিয়ে দিয়েছে।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সিসিটিভি'র অবস্থানকে সমর্থন করছেন। কারণ অনেক দর্শক ইন্টারনেটের বিকল্প উপায়ে ম্যাচ দেখে থাকেন। তবে ধারণা করা হচ্ছে, ফিফার উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বেইজিং সফরে যাওয়ায় শিগ্‌গিরই একটি সমঝোতা হতে পারে।

বিশ্লেষকদের মতে, ভারত ও চীনের মতো বাজার যদি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে বড় ছাড় আদায় করতে পারে, তাহলে ভবিষ্যতে অন্য দেশগুলিও একই কৌশল নিতে পারে। এতে বিশ্বকাপ সম্প্রচার স্বত্বের বাজারমূল্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

/এনএ 

Logo