জাতীয় স্টেডিয়াম পরিদর্শনের ২ ঘণ্টা আগে গ্রাউন্ডস কমিটি দিলো বাফুফে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৩:৪১ পিএম
জাতীয় স্টেডিয়াম পরিদর্শনের ২ ঘণ্টা আগে ৯ সদস্যের গ্রাউন্ডস কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে।
শনিবার (৯ মে) বাফুফের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে ইকবাল হোসেন কে চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মহিউদ্দিন সেলিম, তাজওয়ার আওয়াল, মনজুরুল আলম দুলাল, হান্নান মিয়া, মোবারক হোসেন, আনোয়ার হোসেন, মোতাহের হোসেন ও হাফসা রহমান।
গত ২০২৪ সালের অক্টোবরে বাফুফের নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব নেয় তাবিথ আউয়ালের কমিটি। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে মাঠের বেহাল দশার মধ্যেও মাঠ উন্নয়নে বাফুফের কোনো ঘোষিত কমিটি ছিলো না। শনিবার জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে যাবে গ্রাউন্ডস কমিটি— এমন ঘোষণা দেওয়ার পরই বাফুফের পক্ষ থেকে কমিটির ঘোষণা আসে।
ওই কমিটির নির্বাচিত সদস্য মাহিউদ্দিন সেলিমকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। ৫ আগস্টের পর থেকে তিনি দেশে আসেন না। ফলে দেড় বছরে বাফুফেতে দেখা যায়নি তাকে। তাহলে কি তিনি বিদেশে বসেই মাঠের পরিচর্যা রক্ষণাবেক্ষণ করবেন, সেই প্রশ্ন উঠছে।
/এসআর