×
Logo

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপে মেসির ফেভারিট তালিকায় কারা?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০১:৫৪ পিএম

২০২৬ বিশ্বকাপে মেসির ফেভারিট তালিকায় কারা?

২০২৬ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফেভারিট নয়। ফ্রান্স, স্পেন, ব্রাজিল, জার্মানি ও পর্তুগালকে শিরোপা রেসের এগিয়ে রাখছে খোদ আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে এরমানে এই নয় যে শিরোপা লড়াইয়ে নেই আর্জেন্টিনা। দলগত পারফরম্যান্সে সামর্থের সেরা দিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে মেসির দল।

এবারের বিশ্বকাপ মাঠে গড়াবে ইতিহাসের সবচেয়ে বড় পরিসরের মোড়কে। ৪৮ দল, ১৬ ভেন্যু, ১০৪ ম্যাচ আর ৩৯ দিনব্যপী ফুটবলের মহোৎসব। আরমাত্র কয়েক দিনের অপেক্ষা, ফুটবল উন্মাদনায় কাপতে শুরু করবে পুরো। তবে ইতিমধ্যেই শুরু হয়েছে শেষ মুহুর্তের কাউন্টডাউন আর প্রস্তুতি আর কথার লড়াই।

কে ফেভারিট এবারের বিশ্বকাপে? এই প্রশ্নের উত্তর জানতে চাইতে সিংহ ভাগ বাংলাদেশির উত্তরটা হয়ত হবে আর্জেন্টিনা। আপনি যদি সেই উত্তরদাতাদের মধ্যে একজন হন নিশ্চিত ভাবেই আপনার কাছে ফুটবলের অন্যতম সেরা ব্যাপার হলো লিওনেল মেসি। সেই মেসির মতে এবারের বিশ্বকাপের ফেভারিট নয় আর্জেন্টিনা।

হ্যাঁ ঠিকই শুনছেন, সম্প্রতি পোলো আলভারেজের পডকাস্ট ‘লো ডেল পোলো’ তে মেসি জানিয়েছেন ফেভারিট নিয়ে তার ভাবনার কথা।

মেসি বলেন, 'আর্জেন্টিনা ভালো অবস্থায় আছে। যদিও অনেক খেলোয়াড়ের বর্তমানে চোটের সমস্যা আর ম্যাচ ফিটনেসের অভাব আছে। সত্যিটা হলো দলটা ঐক্যবদ্ধ। এটা প্রমাণিত যে, এই দল প্রতিদ্বন্দ্বিতা করে, সবসময় জিততে চায় এবং নিজেদের লক্ষ্য অর্জনের জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করে। কিন্তু আমাদের এটাও মেনে নিতে হবে যে, আমাদের চেয়ে এগিয়ে থাকা আরও দল আছে এবারের বিশ্বকাপে। যারা দল হিসেবে আরও ভালো ফর্মে আছে।'

শুধু তাই নয় লিওনেল মেসি এটাও জানিয়েছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট কোন দলগুলো। মেসি বলেন, 'এই মুহূর্তে ফ্রান্সকে খুব ভালো দেখাচ্ছে। তাদের দলে উঁচু মানের অনেক খেলোয়াড় আছে। আমার মনে হয় স্পেন, ব্রাজিলও এগিয়ে। যদিও ব্রাজিলকে সম্প্রতি সেরা ফর্মে দেখা যায়নি, তবে সবসময়ই তারা শিরোপার দাবিদার। সেই সাথে জার্মানি ও ইংল্যান্ড শক্তিশালি। তবে পর্তুগালেরও খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ভালো দল আছে।'

পডকাস্টে মেসি কথা বলেছে তার চিরপ্রতিদ্বন্দ্বী দলের ফুটবলার ও তার অন্যতম কাছের বন্ধু নেইমারকে নিয়েও। ফিটনেস সমস্যা আর ফর্মহীনতা থাকলেও বন্ধুকে বিশ্বকাপে দেখতে চান মেসি। বলেন, 'আমরা সব সময় চাই সেরা খেলোয়াড়েরা বিশ্বকাপে থাকুক। নেইমার এখন কোন ফর্মে আছে, সেটা বড় কথা নয়, সে সব সময় সেরাদের একজন হিসেবেই গণ্য হবে।'

তেইশতম ফিফা বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠবে আগামী ১১ জুন। সেদিন আসরের প্রথম ম্যাচে মেক্সিকোর মোকাবিলা করবে দক্ষিণ আফ্রিকা।

/এমএইচআর

Logo