একটি শিশুর মৃত্যু কখনোই শুধু একটি পরিবারের ক্ষতি নয়, পুরো জাতির ব্যর্থতা: রুবেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:৪৯ পিএম
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশে প্রতিদিন শিশু মারা যাচ্ছে। সেজন্য বিগত সময়ে টিকা কার্যক্রমের অবহেলায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। বৃহস্পতিবার (৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এমন দাবি জানান।
রুবেল হোসেন লিখেছেন, ‘একটি প্রাণীর কষ্ট দেখে আমরা আবেগপ্রবণ হই, কিন্তু আজ যখন ছোট ছোট নিষ্পাপ শিশুরা হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তখন সমাজের বিবেক যেন স্তব্ধ হয়ে গেছে। এই নীরবতাও এক ধরনের ব্যর্থতা। শিশুরা মারা যাচ্ছে, অথচ দায়িত্বশীলদের মধ্যে যেন কোনো উদ্বেগই নেই।’
তিনি আরও লিখেছেন, ‘একটি শিশুর মৃত্যু কখনোই শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি পুরো জাতির ব্যর্থতা। তাই এই মৃত্যুগুলোকে স্বাভাবিক বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। জনগণ জানতে চায়, কেন টিকা কার্যক্রমে এমন অবহেলা হলো, কারা দায়ী, এবং কেন এখনো কার্যকর জবাবদিহিতা দেখা যাচ্ছে না। কর্তৃপক্ষের উচিত দ্রুত তদন্ত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা।’
/এসআইএন