প্রিমিয়ার লিগ
ফুলহ্যামকে উড়িয়ে শিরোপার লড়াইয়ে ম্যানসিটির ওপর চাপ বাড়ালো আর্সেনাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৮:৩৮ এএম
ভিক্টর গিয়োকেরেসের জোড়া গোল এবং বুকায়ো সাকার দুর্দান্ত পারফরম্যান্সে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে ম্যানচেস্টার সিটির ওপর চাপ বাড়িয়েছে আর্সেনাল। সিটির থেকে দু'ম্যাচ বেশি খেলা আর্সেনাল ছয় পয়েন্ট বেশি নিয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে শিরোপার লড়াইকে জমিয়ে তুলেছে।
শনিবার (২ মে) এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল মিকেল আর্তেতার দল। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় গানাররা।
ম্যাচের ৯ম মিনিটে বুকায়ো সাকার নিখুঁত ক্রস থেকে সহজ ট্যাপ-ইনে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ভিক্টর গিয়োকেরেস।
এরপর সাকাই ব্যবধান দ্বিগুণ করেন। এবেরেচি এজের বল ধরে গিয়োকেরেস পাস বাড়িয়ে দিলে তা থেকে গোল করেন ইংলিশ উইঙ্গার।
প্রথমার্ধের শেষদিকে লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন গিয়োকেরেস। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল তার মৌসুমের ২১তম গোল।
ম্যাচে ইনজুরি কাটিয়ে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকা। মার্চের শেষদিকে অ্যাকিলিসের (গোড়ালি) সমস্যার কারণে বিশ্রামে ছিলেন তিনি। মাঠে ফিরে শুরু থেকেই ফুলহ্যামের রক্ষণে ত্রাস ছড়ান এই ইংলিশ তারকা।
এই জয়ে লিগের শীর্ষে থাকা আর্সেনাল আরও চাপ বাড়িয়েছে ম্যানচেস্টার সিটির ওপর। সিটি সোমবার (৪ মে) এভারটনের বিপক্ষে মাঠে নামবে এবং তাদের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে, যদিও দুটি ম্যাচ কম খেলেছে।
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলা দলের তুলনায় এই ম্যাচে পাঁচটি পরিবর্তন আনেন কোচ মিকেল আর্তেতা।
অন্যদিকে, ফুলহ্যাম এই হারের মাধ্যমে আর্সেনালের মাঠে টানা ৩৩ ম্যাচ জয়হীন থাকার রেকর্ড আরও দীর্ঘ করলো।
/এনএ