পাকিস্তান সুপার লিগ
পিএসএল ফাইনাল খেলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পিএম
আগামী ৩ মে লাহোরে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের মেগা ফাইনাল। প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার জালমি। পেশোয়ারের হয়ে ফাইনাল মাতানোর জন্য টাইগার পেসার নাহিদ রানাকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বিসিবি। রানা এনওসি পাওয়ায় বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ দিয়েছেন পেশোয়ারের চেয়ারম্যান।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রানাকে পিএসএল ফাইনাল খেলার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিবৃতিতে বিসিবি জানিয়েছে, পিএসএলের মতো একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনাল খেলার গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। যারা রানাকে বিশ্বমঞ্চে আরো দাপট দেখাতে সাহায্য করব।
রানাকে পেয়ে পেশোয়ার জালমিও খুশি। দলটার চেয়ারম্যান জাভেদ আফ্রিদি তার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ দিয়েছেন। পেশোয়ার জালমির হয়ে অতীতে খেলেছিলেন তামিম। বরাবরই এই দলটায় বাংলাদেশিদের আধিক্য। তামিম ছাড়াও খেলেছেন সাকিব, সাব্বির রহমান। এই আসরেই রানা বাদে ছিলেন শরীফুল ইসলাম এবং তানজিদ হাসান তামিম।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন রানা। এরপর পিএসএলে ৪ ম্যাচে ৭ উইকেট। সেখানে ইকোনমিও সাড়ে পাঁচের কম। পিএসএলের মাঝপথে দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আবারও সিরিজজেরা।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য কিউইদের বিপক্ষে টি-২০ সিরিজের দলে রাখা হয়নি রানাকে, পিএসএলের এনওসি বৃদ্ধির আবেদন করা হলেও তা খারিজ হয়ে যায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য। তবে রানার জন্য সুখবর, পেশোয়ার জালমি ফাইনালে ওঠায়- ৩ মে'র ফাইনালের জন্য তাকে ছাড়পত্র দিয়েছে বিসিবি।
এদিকে, প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার। এবারই প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয়েছে নাহিদের। সব ঠিক থাকলে পিএসএল ফাইনালে মাঠ মাতাবেন তিনি।