×
Logo

খেলাধুলা

ব্যাট হাতে বাবরের রেকর্ডময় দিন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম

ব্যাট হাতে বাবরের রেকর্ডময় দিন

বাবর আজমের সেঞ্চুরিতে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে পিএসএলের ফাইনালে উঠেছে তার দল পেশোয়ার জালমি। ৫৯ বলে ১০৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরাও হন পাকিস্তানের সাবেক কাপ্তান।

এই শতরানে টি-টোয়েন্টিতে এক দেশে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় বিরাট কোহলি ও অভিষেক শর্মার পাশে নাম লেখালেন বাবর। ভারতের এই দুই তারকা তাদের মাটিতে ক্ষুদে সংস্করণে ৮টি করে সেঞ্চুরি করেছেন। পাকিস্তানের মাটিতেও বাবর তা করে দেখালেন।

এবারের আসরে বাবরের এটি দ্বিতীয় সেঞ্চুরি, সব মিলিয়ে পিএসএলের ইতিহাসে এটি তার চতুর্থ সেঞ্চুরি। আর তাতেই উসমান খানের সঙ্গে যৌথভাবে পিএসএলের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বনে গেছেন এই পাকিস্তানি তারকা।

এছাড়া, টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইলের পর দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন বাবর। তার সেঞ্চুরির সংখ্যা ১৩টি। আর গেইলে করেছেন ২২টি সেঞ্চুরি।

অধিনায়ক হিসেবেও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন বাবর। এতোদিন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসির সঙ্গে সমান ৮টি সেঞ্চুরি ছিল এই ব্যাটারের। ৯ নম্বর সেঞ্চুরিটি তুলে এখন সবার শীর্ষে তিনি। 

/এএম

Logo