×
Logo

জাতীয়

আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে: দুদক মুখপাত্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে: দুদক মুখপাত্র

অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা থাকাকালীন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্র আকতারুল ইসলাম যে বক্তব্য দিয়েছিলেন তা সংশোধনের অনুরোধ করেছেন তিনি।

এক ক্ষুদে বার্তায় আকতারুল ইসলাম বলেছেন, পদোন্নতি, বদলি বাণিজ্য, পদায়নসহ বিভিন্ন অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

'কথা বলতে গিয়ে সম্ভবত প্রাথমিক সত্যতা শব্দ বলে ফেলেছি। প্রাথমিক সত্যতা শব্দটি ব্যবহার না করার জন্য অনুরোধ করছি'— যোগ করেন তিনি।

এর আগে, বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে আকতারুল ইসলাম জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা থাকাকালীন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে যুব উন্নয়নের ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

এদিকে, আজ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট অন্যরা হলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ। তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

তারপরই দুদকের মুখপাত্র এ নিয়ে মুখ খুলেন। তবে কয়েক ঘণ্টার মাথায় তিনি তার বক্তব্য সংশোধনে গণমাধ্যমকে অনুরোধ করেন।

এর আগে, আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। ক্ষমতার প্রভাব খাঁটিয়ে তদবির-বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রায় ১১ মাস অনুসন্ধানের পর গত ফেব্রুয়ারিতে অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

সাবেক এ উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দেন। নির্বাচনে লড়ার কথা বললেও শেষ পর্যন্ত ভোট করেননি তিনি। আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে তাকে সমর্থন করেছে এনসিপি।

/এমএন

Logo