×
Logo

রাজনীতি

দলিত ও হরিজনদের নিয়ে ‘জাতীয় জনজাতি জোটের’ আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:১৫ এএম

দলিত ও হরিজনদের নিয়ে ‘জাতীয় জনজাতি জোটের’ আত্মপ্রকাশ

দলিত, হরিজন ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ’জাতীয় জনজাতি জোট’-এর আত্মপ্রকাশ হয়েছে। ডেভিড রাজু ভীম্পাল্লীকে আহ্বায়ক ও কৈলাশ চন্দ্র রবিদাসকে সদস্যসচিব করা হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্র্যাব মিলনায়তনে জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়।

কমিটিতে আরও রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজেন্দ্র কুমার দাস, যুগ্ম আহ্বায়ক মানিক বড়াইল, সিনিয়র যুগ্ম সদস্যসচিব অরুণা রানী দাস, যুগ্ম সদস্যসচিব নিপু দাস এবং সাংগঠনিক সম্পাদক হৃদয় দাস।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, এ দেশ সবার। এ দেশের দলিত, হরিজন, রবিদাস, আদিবাসী, চা জনগোষ্ঠী সবাই সমান অধিকার পাবে, সবাই সমান মর্যাদা পাবে। 

তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশের যে মানচিত্র রয়েছে, এটা আরও ছোট হতো, যদি না ১৯৪৭ সালে এই সম্প্রদায়ের মানুষজন এদেশের পক্ষে থাকতো।

এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, যেদিন দলিতরা অধিকার পাবে, সেদিন এ দেশের আর কেউ অধিকারহীনতায় থাকবে না।

তিনি আরও বলেন, দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন সাধারণত অন্য ধারার মানুষ কিন্তু আমরা চাই, এদের প্রতিনিধিত্ব এরা নিজেরাই করুক। সেই তাগিদ থেকেই এই জাতীয় জনজাতি জোটের আত্মপ্রকাশ।

/এএম

Logo