রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম
দেশের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে তিনি এই প্রশ্ন তুলেছেন।
জামায়াত আমির লিখেছেন, ৫ অগাস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন, সেদিন তার কিছুই তিনি বলেননি।
তিনি আরও লিখেন, কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন, আর এখন যা বলছেন, তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?
জামায়াত আমির সবশেষে এ-ও বলেছেন, জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।
/এমএন