×
Logo

জাতীয়

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০১:৫১ পিএম

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

অভিযোগ গঠনের ৪ দিনের মধ্যেই যুক্তি-তর্ক শেষে আগামী ৭ জুন আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। রায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রত্যাশা করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই দিন ধার্য করেন। 

এই মামলায় আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে শুরু হয় যুক্তিতর্ক। এতে রাষ্ট্র ও আসামিপক্ষ নিজ নিজ দাবির স্বপক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরেন আদালতে।

রামিসা হত্যায় সর্বোচ্চ সাজার বিধান, আইনি নজীর উপস্থাপন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ১৬ জনের জবানবন্দিতে অকাট্য সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়েছে এবং আসামি সোহেল রানা নিজে স্বীকারোক্তি দেওয়ায় এরই মধ্যে অপরাধ প্রমাণিত হয়েছে। পরে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এদিকে রাষ্ট্রনিযুক্ত দুই আসামির আইনজীবী তার যুক্তিতর্কে বলেন, মৃত্যুদণ্ডের ধারা প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ, তাই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রার্থনা করেন আসামিপক্ষ।

এর আগে, গত ১ জুন শুরু হয় এই মামলার বিচার। ২ জুন রামিসা হত্যা মামলায় তার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষ্য দেন এবং গতকাল আত্মপক্ষ সমর্থন করেন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। 

/এনএ 


Logo