×
Logo

জাতীয়

ডেঙ্গু রোগীর চিকিৎসায় হাসপাতালে ১০% বেড ফ্রি ও পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:৫০ পিএম

ডেঙ্গু রোগীর চিকিৎসায় হাসপাতালে ১০% বেড ফ্রি ও পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের বিশেষ ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণ, এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংসে মোবাইল কোর্ট পরিচালনা এবং বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ বেড ও ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড় রাখার মতো সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি এ বছর কোন পর্যায়ে গিয়ে ঠেকবে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব না হলেও, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।   

আসন্ন ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাতে আগামী সপ্তাহ থেকেই চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ শুরু হচ্ছে। দেশের ৬৪টি জেলায় চিকিৎসকদের নিয়ে ডেঙ্গু বিষয়ক কর্মশালার আয়োজন করা হবে, যেখান থেকে ডেঙ্গু আক্রান্ত হলে কোন ধরনের পরীক্ষা করতে হবে, কী ওষুধ দিতে হবে এবং সামগ্রিক চিকিৎসা প্রোটোকল কেমন হবে সে বিষয়ে চিকিৎসকদের একটি সমন্বিত ও স্পষ্ট ধারণা দেওয়া হবে।

একই সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে দেশের সব বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোট বেডের ১০ শতাংশ সিট খালি এবং ফ্রি রাখতে হবে। আগামী ৩ দিনের মধ্যে এই ফ্রি বেডের মোট সংখ্যা কত, তা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ডেঙ্গু ভ্যাকসিন এখনো সারা বিশ্বে সর্বজনীন বা পুরোপুরি কার্যকর না হওয়ায় এই মুহূর্তে দেশে কোনো ডেঙ্গু ভ্যাকসিন দেওয়া হবে না বলেও স্পষ্ট জানান মন্ত্রী।

এদিকে ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে সিটি কর্পোরেশনের সহায়তায় দেশব্যাপী ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। লার্ভা নিয়ন্ত্রণে কোনো বাসা-বাড়ি, ছাদ কিংবা পরিত্যক্ত বাথরুম ও ওয়াশরুমে জমা পানি পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

এ ছাড়া সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বাড়াতে আগামী শনিবার সকাল ১০টায় ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ দেশের সব বিভাগীয় শহরে র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে এবং এই বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন আগামী ৩ মাস ধরে দেশব্যাপী চলমান থাকবে।

/এএ 

Logo