ঢাকা উত্তর সিটিতে ঈদের দিন দুপুর ২টা থেকে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০২:৫০ পিএম
ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে এবং ১২ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে গুলশানে নগর ভবনে ডিএনসিসির আওতাধীন এলাকাসমূহে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম জানান, ঈদের আগে পশুর হাট, নাগরিক সেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সিটি করপোরেশনের সকল কর্মকর্তা কাজ করে যাচ্ছে। ডিএনসিসির বিদ্যমান ব্যবস্থাপনার মাধ্যমে ১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব।
সভায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন, কোরবানির বর্জ্য অপসারণে ৭৫২টি পরিবহন ব্যবহার করা হবে এবং পরিচ্ছন্নতা কর্মীদের কাছে ইতোমধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে।
/এমএন