×
Logo

জাতীয়

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নির্দেশনা, বিভ্রাট হলে মাইকিংয়ের নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০২:১৫ পিএম

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নির্দেশনা, বিভ্রাট হলে মাইকিংয়ের নির্দেশ

ঈদুল আজহা উপলক্ষ্যে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ বিভাগ।

এ নিয়ে মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিভাগ ও এর অধীনস্থ সব দফতর-সংস্থাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ বা আকস্মিক বিভ্রাটের কারণে সরবরাহ বন্ধ থাকলে গ্রাহকদের আগাম অবহিত করতে হবে।

এ লক্ষ্যে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে মাইকিং ও সামাজিক যোগাযোগেরমাধ্যমে প্রচারের পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে ঘোষণা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের নাম এবং মোবাইলফোন নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠাতে হবে। একইসঙ্গে এসব তথ্য বিতরণকারী সংস্থা ও কোম্পানির ওয়েবসাইটেও আপলোড করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদে দেশব্যাপী বিদ্যুৎ পরিস্থিতি তদারকিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ এলাকা পরিদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে তাদের প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে জমা দিতে হবে।

/এমএন

Logo