কোরবানির হাট
রাজধানীতে রাতভর বৃষ্টির পর ভোররাতের তুমুল বর্ষণে বিপাকে ব্যাপারিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:০৮ এএম
রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে সোমবার (২৫ মে) দিবাগত রাতে তেমন একটা ক্রেতা সমাগম দেখা যায়নি। রাতের বৃষ্টির পর ভোররাতে তুমুল বর্ষণে আরও ভোগান্তিতে পড়েন ব্যাপারিরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া স্বাভাবিক হলে বিক্রি জমে উঠবে বলে আশা করছেন তারা।
সোমবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন পশুর হাটে দেখা যায়, ক্রেতার উপস্থিতি ছিল অনেকটাই কম। যারা আসছিলেন, তাদের বেশিরভাগই গরুর দাম জিজ্ঞেস করে ফিরে যাচ্ছিলেন। ক্রেতাদের অভিযোগ, এখনো পশুর দাম কমাচ্ছেন না বিক্রেতারা। অনেকেই অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ করেন। এদিকে, এর মধ্যেও যারা গরু কিনছেন, তাদের কেউ কেউ অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ তুলেছেন।
এক ক্রেতা বলেন, এই মুহূর্তেও গরুর দাম বেশি লাগছে। বাজারে গরুর দাম অনেক বেশি। গতবার যেই গরু কিনেছি দেড় লাখে, সেটা এবার চাচ্ছে আড়াই লাখ, তিন লাখ।
অপর এক ক্রেতা বলেন, সব হাটে অতিরিক্ত হাসিল নেওয়া হচ্ছে। ৫ শতাংশ নেওয়া হচ্ছে, কিন্তু কেউ প্রতিবাদও করছে না। আসলে কারণটা কী?
অন্যদিকে বিক্রেতারা বলছেন, ক্রেতারা অনেক কম দাম বলছেন। এতে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে। এক গরু ব্যবসায়ী বলেন, আমাদের কেনার থেকেও ৪০ থেকে ৫০ হাজার টাকা কম দাম বলছে। প্রত্যেকটা গরুতে কমপক্ষে ২০ হাজার টাকা লস হয়। আসল দাম বললেও দিয়ে দিতাম।
রাতভর থেমে থেমে বৃষ্টি হলেও ভোরের দিকে শুরু হয় ভারী বর্ষণ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন পশু বিক্রেতারা। কাদাপানি ও দুর্ভোগের মধ্যেই পশু সামলাতে দেখা যায় তাদের।
/এএন