×
Logo

জাতীয়

জ্বালানিমন্ত্রী

১৮০ দিনের মধ্যে ২৬ ব্লক বরাদ্দে টেন্ডার আহ্বান করা হয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:০০ পিএম

১৮০ দিনের মধ্যে ২৬ ব্লক বরাদ্দে টেন্ডার আহ্বান করা হয়েছে

সমুদ্র বিজয়ের পরও সমুদ্রের ব্লকগুলো ফেলে রাখা হয়েছিলো, তবে সরকারের প্রতিশ্রুতির ১৮০ দিনের মধ্যে ২৬ ব্লক বরাদ্দে টেন্ডার আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার (২৪ মে) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

জ্বালানিমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিডিং প্রক্রিয়া শুরু করেছে। দেশের আইন ও জাতীয় স্বার্থ রক্ষা করেই যোগ্য প্রতিষ্ঠানগুলোর কাছে এসব ব্লক হস্তান্তর করা হবে।

ভবিষ্যতে এসব ব্লক থেকে গ্যাস বা তেল উত্তোলন সম্ভব হলে তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি। 

জ্বালানিমন্ত্রী আরও জানান, গভীর ও অগভীর সমুদ্রে তেল-গ্যাস ও খনিজ সম্পদ উত্তোলনের পাশাপাশি রফতানির সুযোগ দরপত্রে রাখা হলেও, দেশের নিজস্ব চাহিদা পূরণের আগে রফতানির সুযোগ থাকবে না। এতে দেশের স্বার্থ সম্পূর্ণভাবে বিবেচনায় নেওয়া হয়েছে এবং জাতীয় ক্ষতির কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি। 

তিনি বলেন, সমুদ্র বিজয় নিয়ে অতীতে অনেক আলোচনা হলেও সমুদ্রের তলদেশে থাকা সম্পদ আহরণের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার সেই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।

তিনি আরও বলেন, আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ ছিলাম যে আমরা ক্ষমতায় আসলে আমাদের বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশনকে (বাপেক্স) আমরা শক্তিশালী করব। তবে গভীর সমুদ্রে অনুসন্ধানের মতো অভিজ্ঞতা ও প্রয়োজনীয় প্রযুক্তি বাপেক্সের না থাকায়, বিদেশি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে বিডিংয়ে অংশ নেওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে উৎসাহ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় বাপেক্সকেও সম্পৃক্ত রাখা হয়েছে।

/এএন

Logo