ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীতে র্যাবের বিশেষ অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:৩৯ পিএম
রাজধানীতে ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং কোরবানির পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২২ মে) রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বাস টার্মিনাল ও পশুর হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন র্যাব সদস্যরা।
পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে 'র্যাব-২'-এর উপ-অধিনায়ক বলেন, সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে এবং কোরবানির পশু কেনাবেচা নির্বিঘ্ন রাখতে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া আদায় এবং পশুর হাট ও বাস টার্মিনালে সক্রিয় দালাল চক্রের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে।
এ বিষয়ে 'র্যাব-২' কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নিফাজ রহমান বলেন, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে যাতে কোনো টিকিট বিক্রি না হয় এবং গরুর হাটগুলোতে দালালদের দৌরাত্ম্য থেকে সাধারণ মানুষ যাতে সুরক্ষা পায়, সে লক্ষ্যেই আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের আওতাধীন এলাকায় প্রতিদিন বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।
/এওয়াইএ/এআই