সাংবাদিকদের একটি বেতন স্কেল থাকা দরকার। সরকার যদি এ বিষয়ে নজর দেয় তাহলে অনেক সমস্যারই সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ।
বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ফাহিম আহমেদ বলেন, সাংবাদিকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। আমাদের সাংবাদিকেরা বেতন কম পায়, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সহ বিভিন্ন সুযোগ-সুবিধা বেশিরভাগ প্রতিষ্ঠানেই নেই। অল্প দু-একটি প্রতিষ্ঠানে আছে। টেলিভিশনে আরও খারাপ অবস্থা। আমরা বাইরে থেকে সাংবাদিকদের যতটা লাক্সারি মনে করি সাংবাদিকরা এত লাক্সারি না। সাংবাদিকরা ন্যূনতম বেতন পায় কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানে সে বেতনও দিতে চায় না।
তিনি আরও বলেন, আপনি আমাদের কাছে অনেক ভালো সাংবাদিকতা আশা করেন। কিন্তু আমাদের পেটে ভাত নেই অথচ আমরা ভালো সার্ভিস দেবো, ভালো সাংবাদিকতা করবো এটা আমার কাছে অতিরিক্ত চাওয়া মনে হয়। বিজেসি সাংবাদিকতার মান উন্নয়নে কাজ করে থাকে। কিন্তু আমাদের একার পক্ষে এ কাজগুলো করা সম্ভব না। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকল্পে আমরা কাজ করতে পারি, চাপ প্রয়োগ করতে পারি, কিন্তু সেটার সমাধান আমরা করতে পারি না। আমাদের এ জায়গায় সরকারের একটা ভূমিকা দরকার।
/এসআর