বিজেসি চেয়ারম্যান ও যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ
'আগে সাংবাদিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করেন, তারপর বিধি-নিষেধ দেবেন, মানব'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৪:২২ পিএম
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেছেন, আগে সাংবাদিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করেন তারপর বিধি-নিষেধ দেবেন, আমরা মানব।
আজ সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফাহিম আহমেদ বলেন, দেশে সাংবাদিকতার পরিবেশ কখনোই অনুকূলে নয় এবং সাংবাদিকদের অবহেলার শেষ নেই। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) থেকে এক কঠিন নিয়ম নীতিমালার কথা বলা হয়েছে, যার কারণে সাংবাদিকরা চরম ক্ষুব্ধ বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন কোনো পক্ষপাতিত্ব করেনি। আইন ভঙ্গের মতো কোনো কাজও কমিশন করেনি বলে জানান তিনি।
সিইসি বলেন, যেকোনো নির্বাচনে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগের সরকার থেকে সেই সাপোর্ট পাওয়া গেছে; এমনকি তারা কোনো হস্তক্ষেপও করেনি।
স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহায়তা প্রয়োজন উল্লেখ করে সিইসি দলগুলোকে সংঘাত ও রক্তপাতহীন নির্বাচনের ফয়সালা করার আহ্বান জানান।
উল্লেখ্য, টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক করে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।
রোববার (১৭ মে) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপর সামাজিক মাধ্যমে এই নিয়ে সমালোচনা শুরু হয়। অ্যাটকোর বিজ্ঞপ্তির নিন্দা ও প্রতিবাদ জানায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের ফোরাম।
/এএম