×
Logo

জাতীয়

এলপিজি ব্যবহারে নিরাপত্তা নিশ্চিতে সচেতনতা বাড়ানোর ওপর জোর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:৫৪ পিএম

এলপিজি ব্যবহারে নিরাপত্তা নিশ্চিতে সচেতনতা বাড়ানোর ওপর জোর

এলপিজি ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। পাশাপাশি ঘনঘন দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

রোববার (১৭ মে) সকালে এলপিজি খাতে সেফটি ও সিকিউরিটি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, শুধু সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করলেই হবে না, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ।

তাদের মতে, অসচেতনতা এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করায় বাসাবাড়িতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ধরনের ঝুঁকি কমাতে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এসময় এলপিজি অটোগ্যাস স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা অটোগ্যাস স্টেশনের লাইসেন্স প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার আহ্বান জানান।

এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, দেশে গৃহস্থালি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পখাতে এলপিজির ব্যবহার দ্রুত বাড়ছে। তবে এই খাতের সম্প্রসারণ যেন নিয়ন্ত্রিত ও নিরাপদ উপায়ে হয়, সেদিকে গুরুত্ব দিচ্ছে সরকার।

এছাড়া এলপিজি খাতে অনিয়ন্ত্রিত বা ‘মাশরুম গ্রোথ’ নয়, বরং একটি রেগুলেটেড সিস্টেমের মাধ্যমে নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা কাজ করছি। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

/এওয়াইএ/এমএইচআর

Logo