সুচিকিৎসায় এক সপ্তাহের মধ্যে হাম সংকট নিয়ন্ত্রণে আনা সম্ভব— বলছেন বিশেষজ্ঞরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:০৮ পিএম
হামের বিস্তার ও জটিলতা কমাতে না পারলে, আইসিইউ'র সংখ্যা বৃদ্ধি করেও সংকট মোকাবেলা সম্ভব হবে না। তবে, রোগের বিস্তার রোধ এবং সুচিকিৎসা নিশ্চিত করা গেলে এক সপ্তাহের মধ্যে সংকট নিয়ন্ত্রণে আসবে— এমনটাই জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোস্তাক আহমেদ।
শনিবার (১৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি'তে 'হামে শিশু মৃত্যু: জনস্বাস্থ্য সংকট ও উত্তরনের পথ' শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ডা. মোস্তাক আহমেদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের অবহেলায় এই সংকট। তবে, সুচিকিৎসা নিশ্চিত না করা, অপর্যাপ্ত আইসিইউ, এবং চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করতে না পারার দায় এড়াতে পারে না সরকারও।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ডা. লেলিন চৌধুরী। রোগ প্রতিরোধে গুরুত্বারোপ করে সরকারকে কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন তিনি। বলেন, ছোঁয়াচে এই রোগটি প্রতিরোধে 'ভিটামিন এ' ক্যাপসুল বেশ কার্যকর।
এসময় ছয় মাস থেকে ৫ বছরের শিশুদের নিয়মিত বিরতিতে ভিটামিন ট্যাবলেটটি খাওয়ানো, দায়ীদের শাস্তির আওতায় আনা, টিকা উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি এবং ছয় বিভাগের শিশু হাসপাতালগুলো পূর্নাঙ্গভাবে চালুর দাবি তোলা হয় সংবাদ সম্মেলনে।
/এমএইচআর