যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর অবৈধ হটলাইন কাউন্টার ও এজেন্টদের বিরুদ্ধে যৌথ অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:১২ এএম
যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর অবৈধ হটলাইন কাউন্টার ও এজেন্টদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ।
শনিবার (১৬ মে) সকালে এ অভিযানে এখন পর্যন্ত হটলাইন কাউন্টারের তিন প্রতিনিধিকে আটক করা হয়েছে।
মূলত বিভিন্ন অবৈধ হটলাইন এজেন্টের কারণে যাত্রী ভোগান্তি, যানজট এবং সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশ করা হয়।
এতে উঠে আসে, এসব কাউন্টার ও এজেন্টদের কারণে সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। পাশাপাশি যানজটকে কেন্দ্র করে নানা ধরনের চাঁদাবাজি ও অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে।
সংবাদ প্রচারের পরই তৎপর হয় প্রশাসন। পরে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের এক কর্মকর্তা জানান, অবৈধ হটলাইন কাউন্টার ও যানজট নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে। সড়ক থেকে এসব অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে নিয়মিত নজরদারি চালানো হবে যৌথ বাহিনীর মাধ্যমে।
/এমএইচআর