১৭ জুলাই দেশে ফিরতে চেয়েছিল বৃষ্টি, ফিরলো তবে জীবিত নয়: বাবা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০১:৫২ পিএম
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ সরাসরি নেওয়া হয়েছে তার নিজ গ্রামের বাড়ি মাদারিপুরে। বাদ আসর তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটের দিকে বৃষ্টির মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও নিহতের স্বজনরা।
বৃষ্টির বাবা জহির উল ইসলাম বলেন, এই দিনটার জন্য আমরা কখনোই অপেক্ষা করিনি। আগামী ১৭ জুলাই রাত আড়াইটায় ও দেশে ফিরবে, এভাবেই আমরা প্রস্তুতি নিয়েছিলাম, তাকে নিতে বিমানবন্দরে আসবো। কিন্তু তার আগেই ওকে নিতে আসতে হলো, তবে জীবিত নয়, মৃত অবস্থায়।
তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই আমার মেয়ের অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল। সে বড় কিছু করতে চাইতো। খুব মেধাবী ছিল এবং সেই লক্ষ্য পূরণে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতো। একইসঙ্গে ধর্মীয় জ্ঞানও ছিল তার অনেক। কোরআন-হাদিস নিয়ে পড়াশোনা করতো এবং নামাজ-কালামে কখনও গাফিলতি করেনি।
বৃষ্টির স্বপ্ন সম্পর্কে তার বাবা বলেন, দেশে এসে সাধারণ মানুষের জন্য কাজ করবে, এটাই ছিল তার প্রবল ইচ্ছা। ওর আরেকটা স্বপ্ন ছিল একটি সার্টিফিকেট অর্জন করা। গ্রামের বাড়িতে ওর ডিজাইন করা একটি বাড়ি করেছি, আশা ছিল দেশে ফিরে এসে নিজেই বাড়িটি উদ্বোধন করবে। গ্রামের দুঃখী মানুষের পাশে সবসময় থাকবে, এটাও ছিল তার বড় ইচ্ছা। সার্টিফিকেট সে পেয়েছে ঠিকই, কিন্তু সেটি এসেছে মরণোত্তরভাবে। সে আজ আর জীবিত নেই।
তিনি আরও বলেন, সবার কাছে বৃষ্টির জন্য দোয়া চাই। আর ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক, বাংলাদেশের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটাই আমাদের দাবি। সারাবিশ্বের মানুষ জানে, সে একজন কুখ্যাত ঘাতক। আমরা আশা করি, তার সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে।
প্রসঙ্গত, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টা ৫০ মিনিটে তার মরদেহ বহনকারী এমিরেটসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। একই ঘটনায় হত্যাকাণ্ডের শিকার হন আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন, তিনিও ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত ৪ মে তার মরদেহ ঢাকায় আসে। বাংলাদেশি এই দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।
/এসআইএন