মধ্যপ্রাচ্য যুদ্ধে লেবাননে নিহত দীপালীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১২:৫৯ এএম
মধ্যপ্রাচ্য যুদ্ধে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি কর্মী দীপালী বেগমের মরদেহ দীর্ঘ এক মাস পর দেশে এসেছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা বিদেশের মাটিতে মারা গেছেন, সবার মরদেহ দেশে ফেরাতে নিরলসভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৮ জন বাংলাদেশি মারা গেছেন। এখন পর্যন্ত ৬ জনের মরদেহ দেশে ফেরানো গেছে। একজনকে সৌদি আরবে দাফন করা হয়েছে। ইরাকে একজনের মরদেহ রয়েছে। ফ্লাইট না থাকায় ফেরানো সম্ভব হচ্ছে না বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় লাশবাহী গাড়ি দিয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, আর্থিক অনুদান হিসেবে ১৩ লাখ টাকা দেওয়া হচ্ছে দীপালীর পরিবারকে। যারা চাকরি হারিয়ে দেশে ফিরছে, তাদেরকে পুনর্বাসনে সরকার আন্তরিক বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় এক বাংলাদেশি নারীর প্রাণ গেছে। নিহত প্রবাসীর নাম দীপালী। তিনি ফরিদপুরের চর ভদ্রাসনের চর শালেপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের মেয়ে।
/এসআইএন