রাজধানীর মগবাজারে আতাউর রহমান নামে এক সাংবাদিককে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সাংবাদিক অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিমে’র জ্যেষ্ঠ প্রতিবেদক।
সোমবার (৪ মে) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে হাতিরঝিল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে আতাউর রহমান বলেন, সোমবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর পান্থপথে অফিস শেষ করে বাসায় ফিরছিলাম। সঙ্গে ছিলেন সাবেক সহকর্মী মহির মারুফ। রাত ১০টা ১৫ মিনিটে রাস্তা পার হয়ে মারুফ রিকশা খুঁজছিলেন। আমিও রাস্তা পার হচ্ছিলাম, তখন একটি গাড়ি (গাড়ির নম্বর: ঢাকা মেট্রো-ঘ: ১১-৯৮৯৯) থেকে এক ব্যক্তি লাঠি নিয়ে নেমে এসে আমাকে অপহরণের উদ্দেশ্যে তুলে নেওয়ার চেষ্টা করে।
তিনি আরও বলেন, আমি বাধা দেওয়ার পর আরও তিনজন নেমে এসে আমাকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময়ে সেখানে উপস্থিত লোকজন এসে বাধা দিলে তারা আমাকে গালি দেওয়ার অভিযোগ তুলে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। আমাকে অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে একপর্যায়ে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী মহির মারুফ বলেন, আমি রিকশা নিতে সামনের দিকে এগিয়ে গিয়ে পেছনে তাকিয়ে দেখি একটি কালো প্রাইভেট গাড়ি সিগন্যালে থেমে আছে। ফ্রন্ট সিট থেকে একজন বের হয়ে আতাউর ভাইকে গাড়িতে তোলার চেষ্টা করছে। আমি দৌড়ে ট্রাফিক সিগন্যালে থাকা দায়িত্বরত পুলিশ ডেকে নিয়ে আসলে দেখি চারজন মিলে আতাউর ভাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পথচারীসহ সবাইকে নিয়ে বাধা দিলে উল্টো তারা দোষ দেয় তাদেরকে গালি দেওয়া হয়েছে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও অপহরণে ব্যর্থ হয়ে তারা আতাউর ভাইকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য— তারা হঠাৎ গাড়ি থামিয়ে একজন লোককে গাড়িতে তোলার চেষ্টা করেন। পরে লোক জড়ো হলে তারা গাড়ি নিয়ে পালিয়ে যান।
/এসআর/এমএইচআর