বুদ্ধপূর্ণিমায় রাজধানীসহ নানা জায়গায় উৎসব মুখর পরিবেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:৪৫ এএম
রাজধানীসহ বিভিন্ন জায়গায় নানা আয়োজনে পালিত হচ্ছে শুভ বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে রাজধানীর নদ্দায় প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহারের উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছেশ
শুক্রবার (১ মে) র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুলশান কালাচাঁদপুর পশ্চিম পাড়ায় বিহার প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বৌদ্ধ ভিক্ষু, পুণ্যার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাজধানীসহ সারাদেশে বৌদ্ধ বিহারগুলোতে দিনটি উপলক্ষ্যে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনার বিশেষ আয়োজন রয়েছে।
এদিকে, মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারেও দিনটি অত্যন্ত শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপিত হচ্ছে। সকাল থেকেই সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও প্রার্থনা সভায় ভক্তদের ঢল নামে। পুরো বিহার প্রাঙ্গণ প্রার্থনা, প্রদীপ প্রজ্বলন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে।
শান্তি, করুণা ও সহনশীলতার বার্তা নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পবিত্র দিবসটি পালন করছেন।
/এএ/এমএইচআর