×
Logo

জাতীয়

দখল উচ্ছেদে খাল পুনরুদ্ধারের সম্ভাবনা দেখছেন পরিকল্পনাবিদরা

শাকিল হাসান

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম

দখল উচ্ছেদে খাল পুনরুদ্ধারের সম্ভাবনা দেখছেন পরিকল্পনাবিদরা

রাজধানী ঢাকার একাধিক ঐতিহ্যবাহী খাল এখন প্রায় বিলুপ্তির পথে। কোথাও সড়ক ও ভবন নির্মাণ করে খাল ভরাট করা হয়েছে, আবার কোথাও দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় হারিয়ে গেছে স্বাভাবিক প্রবাহ। খাল উদ্ধার ও পুনরুদ্ধারের দাবি উঠলেও কার্যকর অগ্রগতি এখনো দৃশ্যমান নয়। তবে পরিকল্পনাবিদদের মতে, কিছু উদ্যোগে আশার সম্ভাবনাও রয়েছে।

যেমন, রাজধানীর পান্থপথ এলাকায় একসময় প্রবাহিত ছিল খাল। আশির দশকে সেটিকে বক্স কালভার্ট করে ওপর দিয়ে সড়ক নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে খালটি পুনরুজ্জীবনের আলোচনা চললেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। একই পরিণতি হয়েছে পরীবাগ খালেরও, যার অস্তিত্ব এখন প্রায় হারিয়ে গেছে। মগবাজার থেকে বাংলামোটর হয়ে প্রবাহিত খালটিরও আর কোনো দৃশ্যমান চিহ্ন নেই।

পরিকল্পনাবিদদের মতে, এসব খাল পুনরুদ্ধার সহজ নয়। উচ্চপর্যায়ের রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত ছাড়া কোনো উচ্ছেদ বা পুনরুদ্ধার কার্যক্রম সফল করা সম্ভব নয়।

নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, খাল পুনরুদ্ধারের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। খাল খনন কর্মসূচির মধ্যে অবশ্যই বাস্তবসম্মত পদক্ষেপ ও পরিকল্পনা থাকতে হবে, যাতে খালগুলো পুনরুজ্জীবিত করা যায় এবং একটি সংযুক্ত নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হয়। যেসব জায়গায় সম্ভব নয়, সেখানে ব্যর্থতার কারণ অনুসন্ধান করে দায় নির্ধারণও জরুরি। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, কয়েকটি খাল সচল করতে নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ চলছে। তবে দীর্ঘদিন দখল ও অব্যবহারের কারণে পুনরুদ্ধার প্রক্রিয়া চ্যালেঞ্জিং হবে বলে স্বীকার করেছে তারা।

এ নিয়ে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে খালগুলো ব্যবহৃত না হওয়ায় এবং অবৈধ দখলের কারণে এগুলো পুনরুদ্ধার করা বড় চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছি, যাতে ঢাকার উন্মুক্ত পানিপ্রবাহকে বুড়িগঙ্গা বা শীতলক্ষ্যার সঙ্গে সংযুক্ত করা যায়। এজন্য খালগুলোর সংস্কার অপরিহার্য।

এদিকে, সব খাল যখন বেহাল অবস্থায়, তখন রাজধানীর মধ্যেই কিছু জায়গায় এখনো টিকে আছে স্বচ্ছ পানির খালের অস্তিত্ব, যা নাগরিকদের জন্য বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

যেমন বুড়িগঙ্গা নদী থেকে উৎপত্তি হওয়া রায়েরবাজার খালে প্রায় ৫০০ মিটার এলাকায় এখনো স্বচ্ছ পানির প্রবাহ দেখা যায়। প্রায় দেড় দশক আগে একটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই খালটি খনন ও পাড় উন্নয়ন করা হয়েছিল। এখানে এখন দেখা যায় বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী। খালের স্বচ্ছ পানিতে সাঁতার কাটে মাছ, আর আশপাশে খাবারের সহজলভ্যতায় ভিড় করে নানা প্রজাতির পাখি।

/এওয়াইএ/এমএন

Logo