×
Logo

জাতীয়

সংরক্ষিত নারী আসন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ৪৯ জন, গেজেট বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম

সংরক্ষিত নারী আসন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ৪৯ জন, গেজেট বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির ৩৬ জন, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই ৪৯ সংসদ সদস্যের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হবে।

আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ কথা জানান।

এ সময় মঈন উদ্দীন খান বলেন, যে কয়টি সদস্যপদ শূন্য, ঠিক সমপরিমাণ মনোনয়নপত্র জমা হওয়ায় আমরা এই সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনী আইনের ১২-এর দুই ধারা অনুযায়ী, আগামীকাল সংরক্ষিত মহিলা আসন আইনের গেজেট প্রকাশ করব। এখানে ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা আমরা ইতোমধ্যে প্রকাশ করেছি। আগামীকাল এটা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে উপস্থাপন করে আমরা গেজেট করে দেবো।

গেজেট প্রকাশের পর শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে গেজেট পাঠানো হবে।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। আরেকটি আসনে এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুম ১৯ মিনিট দেরিতে মনোনয়নপত্র জমা দেওয়া তা বাতিল করেছিল ইসি। তবে তার মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেন আদালত।

এ নিয়ে মঈন উদ্দীন খান বলেছেন, নুসরাত তাবাসসুম আদালতে রিট করেছিলেন। ওই রায়ের কপি আমাদের কাছে এসেছে। আদালত আমাদের ৭২ ঘণ্টার মধ্যে মনোনয়নপত্র গ্রহণ করে নিষ্পত্তি করতে বলেছেন। আমরা আদালতের নির্দেশ অনুযায়ী সেই কাজ করব।

এদিকে, ইসির এক বিজ্ঞপ্তিতে তার মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের জন্য আগামী ২ মে তারিখ নির্ধারিত করা হয়েছে।

এছাড়া, সরকারি চাকরি ছাড়ার কয়েক মাসের মাথায় মনোয়নপত্র জমা দেওয়ায় প্রার্থিতা বাতিল হয়েছে এনসিপির মনিরা শারমিনের। তার মনোনয়নপত্র ঘিরে প্রশ্ন ওঠায় তার দলের আরেক নেত্রী নুসরাত তাবাসসুম শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন।

/এমএন

Logo