ড্র্যাপ্যাক সম্মেলনে ডিজিটাল আইন পুনর্বিবেচনার দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম
ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল রাইটস এশিয়া-প্যাসিফিক (ড্র্যাপ্যাক) বাংলাদেশ জাতীয় সম্মেলন ২০২৬-এ বক্তারা বলেছেন, সম্প্রতি সংসদে পাস হওয়া ডিজিটাল আইনগুলো এখনো মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও ব্যক্তি-গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ। অধিকার সুরক্ষায় এসব আইন পুনরায় পর্যালোচনা প্রয়োজন বলেও মত দেন তারা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত সম্মেলনের আয়োজন করে ডিজিটালি রাইট ও এনগেজমিডিয়া। 'অর্থবহ, অন্তর্ভুক্তিমূলক আইন প্রণয়ন' প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সেশন পার্টনার ছিল ট্রান্সপারেন্সই ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও ডিনেট।
প্রথম প্লেনারি অধিবেশনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নতুন আইনগুলোতে নানা অসংগতি রয়েছে এবং সেগুলো জুলাইয়ের চেতনা ও রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। তার মতে, পুরোনো আইন নতুন নামে ফিরিয়ে আনা হয়েছে।
আগের মতো এখনো ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মামলা হচ্ছে এবং সাংবাদিকরা নজরদারির ঝুঁকিতে রয়েছেন বলে মন্তব্য করেন দ্য ডেইলি স্টারের জয়েন্ট এডিটর আশা মেহরীন আমিন।
বাংলাদেশে ইউনেস্কোর হেড অব রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজ বলেন, প্রতিটি আইনকে সমাজের প্রেক্ষাপটে যাচাই করা দরকার এবং নতুন সরকারের উচিত আইনগুলো পুনর্বিবেচনা করা।
অন্যদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আনোয়ার উদ্দিন বলেন, আইনগুলো প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ। কোথাও সমস্যা থাকলে পরে সংশোধন করা যাবে এবং সরকার ইতোমধ্যে সেগুলো উন্নত করার জন্য কাজ করছে। 
দ্বিতীয় সেশনে মেটা'র পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার বলেন, নতুন উপাত্ত সুরক্ষা আইন মেটা ও Google-এর মতো প্ল্যাটফর্মগুলোর জন্য ইতিবাচক। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক কনটেন্ট নিয়ন্ত্রণে এখনো উন্নতির সুযোগ রয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর কমিশনার মাহমুদ হোসাইন বলেন, নীতি প্রণয়নে অনেক সময় শক্তিশালী স্বার্থগোষ্ঠীর প্রভাব দেখা যায়, যা আস্থার সংকট তৈরি করে।
শেষ সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা প্রণয়নে অংশীজনদের অর্থবহ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাপনী বক্তব্যে ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী বলেন, ডিজিটাল গভর্ন্যান্স শুধু সরকার বা কোম্পানির বিষয় নয়; এতে নাগরিক সমাজ, গণমাধ্যম ও প্রান্তিক জনগোষ্ঠীর মতামতের প্রতিফলন থাকতে হবে।
/এনএ