বইমেলা সারাদেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
অমর একুশে বইমেলা শুধু ঢাকায় সীমাবদ্ধতা না রেখে সারাদেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, এই মেলা হয়ে উঠুক শিক্ষা ও সংস্কৃতির সূতিকাগার। পাশাপাশি বাংলাভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসাবে স্বীকৃতি আদায়ের জন্য কাজ শুরু করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, অমর একুশে বইমেলা নিছক উৎসব নয়, বরং এই মেলা কীভাবে সবাইকে বইপ্রেমী করতে পারে তা নিয়ে কাজ করতে হবে। এছাড়াও নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে বই বিমুখ করে তুলেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইন্টারনেটের নেতিবাচক দিকটি সম্পর্কে তরুণদের সচেতন থাকতে হবে এবং বইয়ের প্রতি তাদের আগ্রহী করে তোলার উপায় বের করতে হবে।
এছাড়াও এ বছর বাংলা একাডেমির সাহিত্য পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
/এনএ/এসআইএন