×
Logo

অন্যান্য

কাল ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৪:৪৫ পিএম

কাল ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’

এক দৌড়, এক লক্ষ্য, এক বিশ্ব—প্রতিপাদ্যকে ধারন করে আগামীকাল শনিবার (২২ মে) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবেন এক হাজারের বেশি দৌড়প্রেমী।

টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আয়োজন করা হচ্ছে এই আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ও অভিজ্ঞ— সব ধরনের দৌড়বিদদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিযোগিতাটি ১ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ২১ দশমিক ১ কিলোমিটার হাফ ম্যারাথন এই চারটি বিভাগে ভাগ করা হয়েছে।

ম্যারাথনের দৌড়পথ নির্ধারণ করা হয়েছে রাজধানীর হাতিরঝিল এলাকায়। প্রতিযোগীরা পুলিশ প্লাজা, লেক রোড ও এফডিসিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে আবার হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার এলাকায় এসে শেষ করবেন দৌড়। এখানেই থাকবে শুরু ও সমাপ্তির পয়েন্ট, পাশাপাশি দর্শকদের জন্য বিশেষ আয়োজনও।

বাংলাদেশ ছাড়াও একই দিনে রাশিয়া, চীন, ব্রাজিল, সার্বিয়া, বেলারুশ, তানজানিয়া, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড, মরক্কো, কাজাখস্তান, মালদ্বীপ, চিলি ও আর্মেনিয়াসহ বিশ্বের বহু দেশে একযোগে অনুষ্ঠিত হবে ‘ওয়ান রান’।

আয়োজকরা জানান, এবারের আসরে বিশ্বজুড়ে প্রায় দুই লাখ ৪৫ হাজার মানুষ অংশ নিতে পারেন। ২১ দশমিক ১ কিলোমিটার হাফ ম্যারাথনের মাধ্যমে ভোর ৪টায় প্রতিযোগিতা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোর দৌড় অনুষ্ঠিত হবে। দৌড় শেষে সকাল ৯টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের। এছাড়া তরুণদের মধ্যে পরিচিত মুখ হিসেবে উপস্থিত থাকবেন ব্যারিস্টার জায়মা রহমান।

উল্লেখ্য, রাশিয়ায় ২০১৭ সালে প্রথম শুরু হয়েছিল ‘ওয়ান রান’ হাফ ম্যারাথন। পরে ধীরে ধীরে এটি আন্তর্জাতিক আয়োজনে পরিণত হয়। বর্তমানে বিশ্বের বহু দেশে একই সময়সূচিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

/এসআর 


Logo