×
Logo

অন্যান্য

ক্যাশলেস পেমেন্ট বাড়াতে ‘বাংলা কিউআর’ নেটওয়ার্কে যুক্ত হলো পাঠাও পে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

ক্যাশলেস পেমেন্ট বাড়াতে ‘বাংলা কিউআর’ নেটওয়ার্কে যুক্ত হলো পাঠাও পে

ফাইল ছবি

বাংলাদেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে ‘বাংলা কিউআর’ এবং এনপিএসবি নেটওয়ার্কে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘পাঠাও পে’।

রোববার (১৭ মে) পাঠাও-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন এই সংযুক্তির ফলে গ্রাহকরা রাইড শেয়ারিং ও ডেলিভারি সেবা থেকে শুরু করে বিভিন্ন রেস্তোরাঁ ও শপিং মলে ‘পাঠাও পে’ অ্যাপের মাধ্যমে ‘বাংলা কিউআর’ স্ক্যান করে অত্যন্ত সহজে পেমেন্ট করতে পারবেন। গ্রাহক যে ব্যাংক বা পেমেন্ট প্ল্যাটফর্মই ব্যবহার করুন না কেন, এই সমন্বিত ব্যবস্থার কারণে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা একটি অভিন্ন নেটওয়ার্কের আওতায় আসবে, যা লেনদেনকে আরও নির্বিঘ্ন করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিমধ্যেই ফেয়ার ইলেকট্রনিক্স লিঃ, সিক্রেট রেসিপি, প্রাভা হেলথ, ম্যাডশেফ, চিজ, পাগলা বাবুর্চি, লোটোসহ বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ড ও প্রতিষ্ঠানে পাঠাও পে-এর মাধ্যমে ‘বাংলা কিউআর’ পেমেন্ট শুরু হয়েছে। এ ছাড়া পাঠাও-এর রাইড ইকোসিস্টেমের আওতাধীন বাইক, কার এবং সিএনজি চালকদের ক্ষেত্রেও এই কিউআর পেমেন্ট সুবিধা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এই উদ্যোগ সম্পর্কে পাঠাও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেন, মানুষের প্রতিদিনের জীবনে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করা একদম সহজ ও স্বাভাবিক হওয়া উচিত। বাংলা কিউআর-এর মাধ্যমে আমরা বাংলাদেশের লক্ষ লক্ষ ইউজার ও মার্চেন্টদের জন্য পেমেন্ট পদ্ধতিকে আরও সহজ এবং একে অপরের সাথে সংযুক্ত করছি। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে অনলাইন কেনাকাটা এবং কুরিয়ার পেমেন্টের ক্ষেত্রেও বাংলা কিউআর সুবিধা শুরু করার পরিকল্পনা রয়েছে পাঠাও পে-এর। দৈনিক কেনাকাটার প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল পেমেন্টকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে কাজ করে যাচ্ছে তারা।

বিজ্ঞপ্তিতে জানা যায়, বর্তমানে ১ কোটি ৫০ লাখেরও বেশি ব্যবহারকারী, ৪ লাখ ‘পাঠাও হিরো’ ও ডেলিভারি এজেন্ট এবং ২ লাখ মার্চেন্ট ও ১৫ হাজার রেস্তোরাঁ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে ৬ লাখেরও বেশি মানুষের কাজের সুযোগ তৈরি করে দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে পাঠাও।

/এএ 

Logo