×
Logo

অন্যান্য

ভিয়েতনামে পূর্ণ দূরত্বের আয়রনম্যান সম্পন্ন করলেন বাংলাদেশের সাজেদুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:০৯ পিএম

ভিয়েতনামে পূর্ণ দূরত্বের আয়রনম্যান সম্পন্ন করলেন বাংলাদেশের সাজেদুর রহমান

ভিয়েতনামে অনুষ্ঠিত পূর্ণ দূরত্বের আন্তর্জাতিক আয়রনম্যান প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশের ক্রীড়াবিদ মো. সাজেদুর রহমান। একই সঙ্গে তিনি ছিলেন এবারের 'আয়রনম্যান ভিয়েতনাম ২০২৬' প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র অংশগ্রহণকারী।

রোববার (১০ মে) ভিয়েতনামের দানাং শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সাজেদুর রহমান ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২.২ কিলোমিটার ম্যারাথন দৌড় মিলিয়ে নির্ধারিত পূর্ণ দূরত্ব শেষ করেন ১৫ ঘণ্টা ৩৪ মিনিট সময়ে। তিনি ৩৫–৩৯ বছর বয়সের বিভাগে অংশ নেন।

ট্রায়াথলন হলো সাঁতার, সাইক্লিং ও দৌড় এই তিনটি ডিসিপ্লিনের সমন্বয়ে গঠিত সহনশীলতার খেলা। আর একদিনে অনুষ্ঠিত পূর্ণ দূরত্বের আয়রনম্যানকে বিশ্বের অন্যতম কঠিন ক্রীড়া চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হয়।

রেস শেষে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সাজেদুর রহমান বলেন, বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হওয়ায় তাঁর মধ্যে আলাদা এক জেদ কাজ করছিল। শুরুতেই ১ ঘণ্টা ২২ মিনিটে ৩.৮ কিলোমিটার সাঁতার শেষ করে মাত্র পাঁচ মিনিট ট্রানজিশন নিয়ে সাইক্লিং শুরু করেন তিনি।

তবে রেস চলাকালে দুর্ঘটনার শিকার হন তিনি। প্রায় ৮০ কিলোমিটার অতিক্রম করার পর এক গ্রাব চালকের হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টায় ব্রেক করতে গিয়ে তিনি পড়ে যান এবং তার ডান পায়ে আঘাত লাগে। এতে সাইকেলের চাকাও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরও থেমে যাননি সাজেদুর রহমান। বিভিন্ন হাইড্রেশন পয়েন্টে মেকানিকের সহায়তা না পেয়ে শেষ পর্যন্ত নিজেই সাইকেলের চাকা ঠিক করে আবার রেস শুরু করেন। তবে এরপর থেকে সাইকেলের গতি কমে যায় এবং শারীরিক অবস্থাও খারাপ হতে থাকে। পর্যাপ্ত খাবার গ্রহণ করতে না পারায় পুরো রেসজুড়ে তাকে দুর্বলতার সঙ্গে লড়াই করতে হয়।

সাজেদুর রহমান বলেন, রানিং সেগমেন্ট শুরু করার আগেই তিনি দুইবার বমি করেন। তখন রেস ছেড়ে দেওয়ার চিন্তা এলেও মেয়ের কথা এবং বাংলাদেশের পতাকার কথা মনে করে নতুন করে সাহস পান।

তিনি আরও বলেন, মনে হচ্ছিল আমি থেমে গেলে যেন বাংলাদেশই হেরে যাবে। তাই সিদ্ধান্ত নিই যেভাবেই হোক রেস শেষ করব। ফিনিশ লাইনে আমাকে পতাকা দেওয়ার মতো কেউ ছিল না তাই বাংলাদেশের পতাকা ট্রাইস্যুটের পকেটে নিয়েই পুরো রান করেছি।

রেসের শেষ কয়েক কিলোমিটারে আবার গতি বাড়িয়ে হাতে বাংলাদেশের পতাকা উড়িয়ে দৃঢ়তার সঙ্গে ফিনিশ লাইন অতিক্রম করেন তিনি।

নিজের এই যাত্রায় পাশে থাকার জন্য তিনি বাংলাদেশ ব্যাংক, বিডিট্রাই কমিউনিটি, ইস্ট অ্যাস্থেটিক হাসপাতাল, পূবালী ব্যাংক লিমিটেড এবং দ্য পাঞ্চ কোম্পানিসহ সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগে তাঁর প্রথম প্রচেষ্টা ছিল আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফ্রাঙ্কফুর্ট ২০২২ যেখানে তিনি রেস সম্পন্ন করতে পারেননি। পরে আয়রনম্যান ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ হামবার্গ ২০২৪ এবং আয়রনম্যান মালয়েশিয়া ২০২৫ সফলভাবে সম্পন্ন করেন। আর এবার আয়রনম্যান ভিয়েতনাম ২০২৬ শেষ করে নিজের তৃতীয় পূর্ণ দূরত্বের আয়রনম্যান সম্পন্ন করার কৃতিত্ব অর্জন করলেন তিনি।

পেশাগত জীবনে মো. সাজেদুর রহমান বাংলাদেশ ব্যাংকের একজন যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত আছেন।

/এওয়াইএ/এমএইচআর

Logo