×
Logo

জীবনযাপন

কালারিং থেরাপি

অল্প কিছু রঙ পেন্সিল আপনাকে দিতে পারে মানসিক স্বস্তি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম

অল্প কিছু রঙ পেন্সিল আপনাকে দিতে পারে মানসিক স্বস্তি

ব্যস্ততা, উদ্বেগ আর অনবরত স্ক্রিনে চোখ রাখা- আধুনিক জীবনের এই ত্রিভুজে মানসিক চাপ যেন নিত্যসঙ্গী। তবে আশ্চর্যের বিষয়, খুব সাধারণ একটি কাজ 'রঙ করা' এখন বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত হচ্ছে কার্যকর স্ট্রেস রিলিফ বা মানসিক চাপ কমানোর পদ্ধতি হিসেবে।

অল্প সময়েই মিলতে পারে স্বস্তি:

বিশেষজ্ঞরা বলছেন, মাত্র কয়েক মিনিট রঙ করলেই মস্তিষ্কের চাপের চক্র ভেঙে যায়। যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ আর্ট থেরাপি বিভাগের গবেষক গিরিজা কাইমালের মতে, রঙ করার সময় মানুষ এমন একটি কাজে ডুবে যায় যেখানে 'ভুলের সুযোগ কম এবং সাফল্য প্রায় নিশ্চিত'। এতে মানসিক চাপ কমে অনেকটাই।

গবেষণায় দেখা গেছে, ১৫ মিনিটের মধ্যেই মুডের পরিবর্তন ও স্বস্তি অনুভূত হতে পারে।

কীভাবে কাজ করে ‘কালারিং থেরাপি’?:

রঙ করার সময় মস্তিষ্ক একধরনের 'ফ্লো স্টেট'-এ প্রবেশ করে। যেখানে মনোযোগ থাকে, কিন্তু চাপ থাকে না। এতে উদ্বেগজনিত চিন্তা ধীরে ধীরে কমে যায়।

এছাড়া এটি মস্তিষ্কের স্ট্রেস সেন্টারকে শান্ত করে এবংমনোযোগ বাড়ায়। বর্তমান মুহূর্তে থাকতেও সাহায্য করে। গবেষণা বলছে, এই প্রক্রিয়াটি অনেকটা মেডিটেশনের মতো কাজ করে। তবে এটি আরও সহজ ও স্বতঃস্ফূর্ত।

শুধু শিশুদের জন্য নয়:

একসময় রঙ করার বই শিশুদের জন্যই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ‘অ্যাডাল্ট কালারিং বুক’ বিশ্বজুড়ে জনপ্রিয়। স্কটিশ শিল্পী জোহানা বাসফোর্ডের উদ্যোগে এই ধারা নতুন মাত্রা পায়, যা পরে এক ধরনের বৈশ্বিক ট্রেন্ডে পরিণত হয়।

বিশেষজ্ঞদের মতে, বড়দের ক্ষেত্রে এটি সৃজনশীলতা প্রকাশের নিরাপদ উপায়। যেখানে পারফেকশন নিয়ে চাপ থাকে না।

স্ক্রিন থেকে দূরে থাকার সহজ উপায়:

রঙ করার আরেকটি বড় সুবিধা হলো, এটি মানুষকে মোবাইল বা স্ক্রিন থেকে দূরে রাখে। হাতে পেন্সিল তুলে নেওয়া মানেই কিছু সময়ের জন্য ডিজিটাল দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া। যা মানসিক স্বস্তি বাড়াতে সাহায্য করে।

কারা বেশি উপকার পাবেন?:

গবেষণা অনুযায়ী, যারা দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে আছেন, তারা উপকার পান। কেয়ারগিভার বা উচ্চচাপের কাজে যুক্ত ব্যক্তিরা এবং যারা সহজ কোনো রিল্যাক্সেশন পদ্ধতি খুঁজছেন তারা পান মানসিক আরাম।

কীভাবে শুরু করবেন:

বিশেষজ্ঞদের পরামর্শ, পছন্দের কোনো থিমের কালারিং বুক বেছে নিন। খুব বেশি রঙ ব্যবহার না করে সীমিত কয়েকটি রঙ দিয়ে শুরু করুন। প্রতিদিন কয়েক মিনিট সময় দিন। এতে ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হবে এবং স্ট্রেস কমাতে সাহায্য করবে।

চাপমুক্ত থাকার জন্য সবসময় জটিল সমাধান প্রয়োজন হয় না। কখনও কখনও একটি রঙ পেন্সিল আর একটি সাদা কাগজই হতে পারে মানসিক স্বস্তির সহজ উপায়। গবেষণা বলছে, রঙ করা শুধু শখ নয়, এটি হতে পারে কার্যকর থেরাপি, যা ব্যস্ত জীবনে এনে দিতে পারে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিরতি।

সূত্র: টাইম ম্যাগাজিন থেকে অনূদিত।

/এমএমএইচ

Logo