আল-জাজিরার প্রতিবেদন
উপসাগরীয় অঞ্চল থেকে ৬০ দিনে ৩৭৪ মিলিয়ন ব্যারেল তেল রফতানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ৬০ দিনের সমঝোতা স্মারক কার্যকর থাকাকালে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহন প্রায় তিন গুণ বেড়েছিল। তবে এই সরবরাহ বৃদ্ধির হার যুদ্ধপূর্ব সময়ের স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক কম ছিল।
বুধবার (১৯ আগস্ট) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনের এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা চলাকালীন ৬০ দিনে উপসাগরীয় অঞ্চল থেকে মোট ৩৭ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রফতানি হয়েছে, যা দৈনিক হিসেবে গড়ে প্রায় ৬১ লাখ (৬.১ মিলিয়ন) ব্যারেল। এর আগে এপ্রিল থেকে সমঝোতা স্বাক্ষরের আগ পর্যন্ত দৈনিক গড় রফতানি ছিল মাত্র ২৩ লাখ ব্যারেল। তবে বৃদ্ধি সত্ত্বেও এই প্রবাহ ২০২৫ সালে হরমুজ প্রণালি দিয়ে দৈনিক পরিবাহিত দেড় কোটি (১৫ মিলিয়ন) ব্যারেলের তুলনায় মাত্র ৪০ শতাংশের কাছাকাছি পৌঁছাতে পেরেছে।
আন্তর্জাতিক বাণিজ্য গোয়েন্দা সংস্থা কেপলারের বৈশ্বিক অপরিশোধিত তেল ও ভূরাজনৈতিক বাজার ডেটা প্রধান ইমানুয়েল বেলোস্ট্রিনো জানান, মোট সরবরাহের অর্ধেকেরও বেশি সম্পন্ন হয়েছে চুক্তির প্রথম তিন সপ্তাহে। চুক্তি শেষ হওয়ার দিকে প্রবাহ ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসে। স্থায়ী কোনো শান্তিচুক্তি ছাড়াই ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সমঝোতাটির মেয়াদ গত সোমবার শেষ হয়।
সমঝোতার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর নতুন করে হামলার ঝুঁকি ও প্রাণহানি শুরু হয়েছে। সম্প্রতি লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মিনোয়ান ডিগনিটি’র ওপর হওয়া হামলায় এক নাবিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ড্রাই কার্গো শিপওনার্স (ইন্টারকার্গো)। সংস্থাটি বেসামরিক নাবিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার (আইএমও) তথ্যমতে, ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলায় এ পর্যন্ত অন্তত ১৮ জন নাবিক প্রাণ হারিয়েছেন।
লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের প্রাথমিক তথ্যে দেখা গেছে, ১০ থেকে ১৬ আগস্টের মধ্যে প্রণালি দিয়ে জাহাজ পারাপারের সংখ্যা ৯১টি থেকে কমে ৭৩টিতে নেমে এসেছে। সরবরাহ সংকটের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৯৩ ডলারে পৌঁছেছে।
/এএ